স্টাফ রিপোর্টার: মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে বিপিএল দ্বাদশ আসরের শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে। এ ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স। শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় মাঠে গড়াবে এ আসর।
বলতে গেলে আর ঘন্টা খানেক বাকি বিপিএলের ফাইনাল শুরু হতে। এরই মধ্য লোকে লোকারণ্য হয়ে উঠেছে হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম এলাকা। পছন্দের দলকে সমর্থন জানাতে দূরদূরান্ত থেকে ছুটে আসছেন ক্রিকেটপ্রেমীরা।
ফাইনালের টিকিট বিক্রি শেষ হয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিল বিসিবি আগেই। অনেক সমর্থকের হাতে কাঙ্ক্ষিত ‘সোনার হরিণ’ টিকিট থাকলেও কেউ আবার এখনও সংগ্রহ করতে পারেননি। তবুও ছুটে এসেছেন। শেষ মুহূর্তে স্টেডিয়াম এলাকা থেকে পেয়ে যাবেন এই আশায়।
স্টেডিয়াম এলাকায় ঘুরে রাজশাহীর সমর্থকদেরই বেশি দেখা গেছে। সে তুলনায় চট্টগ্রাম রয়্যালসের দর্শক হাতেগোনা। দলবদ্ধ ভাবে ‘রাজশাহী রাজশাহী’ স্লোগান তুলে স্টেডিয়াম অভিমুখে আসতেও দেখা গেছে অনেককে।
এদিকে ফাইনাল শুরুর আগেই মাঠে উন্মোচন করা হবে বিপিএলের নতুন ট্রফি। ২৫ লাখ টাকা ব্যয়ে তৈরি এ ট্রফি নিয়ে ইতোমধ্যে ক্রিকেট মহলে আলোচনা চলছে। জনসমক্ষে ট্রফি প্রদর্শনে বিলম্ব হওয়ায় দেখা গেছে নানা প্রতিক্রিয়া। আজ বিকেল সাড়ে ৪টায় স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে ট্রফিটি উন্মোচন করাও হয়েছে। এবার বড় চমক দিয়ে হেলিকপ্টারে করে ট্রফি নিয়ে মাঠে হাজির হয়েছেন যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলি এবং নারী দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন। এরপর দুই দলের অধিনায়ক চট্টগ্রাম রয়্যালসের অধিনায়ক শেখ মেহেদী ও রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ট্রফির সঙ্গে ফটোসেশনে যোগ দেন।
তবে ফাইনাল অনুষ্ঠানে আলাদা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান রাখা হয়নি। শুধুমাত্র আতশবাজি ও লেজার শোর মাধ্যমে আয়োজনটি সাজানো হবে।
রিপোর্টার্স২৪/ধ্রুব