নোয়াখালী প্রতিনিধি: দোচালা টিনের ঘরে কাঠের চৌকির ওপর পাতা একটি পাটি, আর গায়ে জড়ানো ছেঁড়া কাঁথা; এভাবেই তীব্র শীতে অসুস্থ বৃদ্ধা মাকে নিয়ে রাত কাটে হোসনেয়ার (২৮)। টানা কয়েকদিনের শৈত্যপ্রবাহে ঠিকমতো ঘুমাতে পারেননি তিনি ও তাঁর মা। এপেক্স ক্লাব অব নোয়াখালীর সদস্যদের কাছ থেকে কম্বল পেয়ে আবেগে কেঁদে ফেলেন হোসনেয়ার। তিনি বলেন,শীত সহ্য করতে পারি না। না খেয়ে থাকতেও পারি, কিন্তু এই শীতে টিকে থাকা খুব কষ্টের।
আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব নোয়াখালীর উদ্যোগে নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৩জানুয়ারি)বিকেলে সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের চরমজিদ গ্রামের সেলিম বাজার আশ্রয়ণ এলাকায় এই কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ক্লাব সদস্যদের আর্থিক অনুদানে প্রথম ধাপে ১১০ জন কম ভাগ্যবান মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। একই সঙ্গে অবহেলিত শিশুদের মাঝে সুখাদ্যও বিতরণ করা হয়।
কম্বল পেয়ে চরমজিদ আশ্রয়ণ এলাকার বাসিন্দা হীরা বালা বলেন,এবার খুব শীত পড়ছে। রাতে ঘুমাতে পারি নাই। কেউ একটা কম্বল দেয় নাই। আপনারাই প্রথম কম্বল দিলেন। আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করব।
এপেক্স ক্লাব অব নোয়াখালীর সভাপতি এপেক্সিয়ান মুজাহিদুল ইসলাম সোহেল বলেন,এপেক্স ক্লাব অব নোয়াখালী নিয়মিতভাবে মাসে অন্তত দুটি সেবামূলক কার্যক্রম পরিচালনা করে। সমাজের কম ভাগ্যবান মানুষের পাশে দাঁড়ানোই আমাদের ক্লাবের মূল লক্ষ্য।
ক্লাবের ট্রেজারার এপেক্সিয়ান হুমায়ুন কবিরের তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতীত জেলা গভর্নর ও অতীত সভাপতি মোনাব্বর হোসেন সেলিম, অতীত এপেক্সিয়ান আলাউদ্দিন সোহেল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান দিবাশ্রী ভট্ট, এপেক্সিয়ান মোশাররফ হোসেন মামুন, সার্জেন্ট অ্যাট আর্মস রাকিব হোসেন শুভ, এপেক্সিয়ান নাজিম উদ্দীন, সুবর্ণচর প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আবদুল বারী বাবলুসহ অন্যান্যরা।
রিপোটার্স ২৪/এসসি