রংপুর প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দুর্নীতিবাজদের কথা কখনো বিশ্বাস করবেন না। তারা নির্বাচনে রঙিন স্বপ্ন দেখিয়ে জনগণকে ‘চতুর্থ আসমানে’ নিয়ে যাচ্ছে। এরা ধোঁকাবাজ, তাই তাদের ‘ইয়েস’ না বলে ‘লালকার্ড’ দেখাতে হবে।
শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে জামায়াতসহ ১০ দলের আহ্বানে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
ডা. শফিকুর বলেন, আমরা সাম্যের বাংলাদেশ চাই। চাঁদাবাজ মুক্ত, দখলবাজ মুক্ত ও আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ চাই। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা ‘ওয়ান্ট জাস্টিস’ বলেছিল, সেই ন্যায় বিচারের বাংলাদেশ চাই। যারা এখন দেশ গড়ার কথা বলছে, তাদের নিজেদের চরিত্র দিয়ে প্রমাণ করতে হবে তারা এই কাজের উপযুক্ত।
১০ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা বিজয়ী হলে ইনসাফের বাংলাদেশ উপহার দেবো। তিনি আরও বলেন, দেশের মানুষ দু’বার স্বাধীন হলেও সত্যিকার স্বাধীনতা পায়নি। দুর্নীতি ও দুঃশাসন জাতিকে সর্বহারা জাতিতে পরিণত করেছে।
ডা. শফিকুর বলেন, আওয়ামী লীগ বাংলাদেশকে সিঙ্গাপুর বা কানাডা বানাতে চেয়েছিলো, কিন্তু করতে পারেনি। তারা দেশের টাকা লুট করে ব্যাংকগুলো খালি করে সিঙ্গাপুরে বড় বড় ব্যবসা খুলে বসেছে। এখন তারা দেশ থেকে পালিয়ে বেড়াচ্ছে। কোথায় লুকাবেন সেই মানসিক যন্ত্রণায় ভুগছে। তিনি এক বিচারপতির কথা উল্লেখ করে বলেন, পালিয়ে গিয়ে কলা পাতায় শুয়ে ছিলেন। অতিরিক্ত বাড়াবাড়ি কারও জন্য মঙ্গল বয়ে আনে না।
জামায়াতের আমির বলেন, ক্ষমতায় গেলে রংপুর অঞ্চলের মানুষের স্বপ্নের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। কৃষি ভিত্তিক শিল্প কারখানা স্থাপন করা হবে, যা বেকার সমস্যা সমাধানে সহায়ক হবে। নতুন নতুন শিল্প কারখানা স্থাপন করা হবে।
এর আগে রাত সাড়ে ৭টার দিকে সভা স্থলে পৌঁছান জামায়াতের আমির। হাজার হাজার জনতা তাকে স্বাগত জানান। সভায় তিনি পাঁচ জামায়াত প্রার্থী ও এনসিপি প্রার্থী আকতার হোসেনকে পরিচয় করিয়ে তাদের ভোট দেওয়ার আহ্বান জানান।
রিপোর্টার্স২৪/বাবি