রিপোর্টার্স২৪ ডেস্ক: নির্বাচনী মাঠে নিজেদের বার্তা ভিন্নভাবে তুলে ধরতে শনিবার (২৪ জানুয়ারি) ব্যতিক্রমী উদ্যোগ নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রাজধানীর প্রাণকেন্দ্র শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে শহীদ হাদি চত্বরে উন্মুক্ত পরিবেশে দলটির নির্বাচনী থিম সং প্রকাশ করা হবে। মঞ্চ নয়, মাদুর পেতে জনগণের কাছাকাছি থেকেই এই থিম সং লঞ্চ করার ঘোষণা দিয়েছে দলটি।
শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়। বার্তায় জানানো হয়, শনিবার বিকেল ৫টায় এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।
এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, শুধু একটি নয় শনিবার একসঙ্গে দুটি থিম সং প্রকাশ করা হবে। এর মধ্যে একটি দলটির নির্বাচনী থিম সং এবং অন্যটি গণভোটকে সামনে রেখে তৈরি করা বিশেষ থিম সং।
তিনি বলেন, বিকেল ৫টায় আমরা আমাদের পার্টির নির্বাচনী থিম সং এবং গণভোটের জন্য তৈরি আরেকটি থিম সং প্রকাশ করব। এটি শুধুই একটি গান নয়, বরং বাংলাদেশের মানুষের কণ্ঠস্বর। তিনি দেশের সর্বস্তরের মানুষকে অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানান।
আসিফ মাহমুদ আরও জানান, এই থিম সং বাংলাদেশের সামগ্রিক চিত্র তুলে ধরা হয়েছে। কৃষক, শ্রমিক, শিক্ষার্থীসহ সমাজের নানা শ্রেণি ও পেশার মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে থিম সংটি নির্মাণ করা হয়েছে, যাতে পুরো বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা যায়।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই আয়োজনের মাধ্যমে তারা নির্বাচনী প্রচারে ভিন্ন ধারা ও জনগণের সঙ্গে সরাসরি সংযোগের বার্তা দিতে চায়।
রিপোর্টার্স২৪/ঝুম