রিপোর্টার্স২৪ ডেস্ক: হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক ও ১০ দলীয় জোট মনোনীত ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর শনিবারের (২৪ জানুয়ারি) সব নির্বাচনী প্রচারণা স্থগিত করা হয়েছে।
তার মিডিয়া টিমের সদস্য শামিল আবদুল্লাহ সকাল সোয়া ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সকালে নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে গণসংযোগে অংশ নেওয়ার পর শারীরিকভাবে অসুস্থতা অনুভব করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
দলীয় সূত্রে জানা গেছে, ফজরের নামাজের পর থেকে সকাল ৮টা পর্যন্ত টানা গণসংযোগে অংশ নেন তিনি। কর্মসূচি শেষ করার পর হঠাৎ অসুস্থ বোধ করলে চিকিৎসকদের পরামর্শে তার সারাদিনের কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
শামিল আবদুল্লাহ গণমাধ্যমকে বলেন, “সকাল ৮টার গণসংযোগ শেষ করার পর নাসীরুদ্দীন পাটওয়ারী অসুস্থ অনুভব করেন। তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে আজকের সব কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তিনি সুস্থ বোধ করলেই পুনরায় প্রচারণা শুরু করা হবে, ইনশাআল্লাহ।”
এর আগে ঘোষিত কর্মসূচি অনুযায়ী, শনিবার সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত পলওয়েল মার্কেট, পিডব্লিউ কলোনি ও নয়াপল্টন এলাকায় গণসংযোগের কথা ছিল। পাশাপাশি পুরানা পল্টন মসজিদে জোহরের নামাজ আদায়, দুপুর আড়াইটায় লিটল জুয়েল স্কুলের সামনে নির্বাচনী পথসভা, বায়তুল মোকাররমে আসরের নামাজ এবং পরে মসজিদ এলাকা ও গুলিস্তানে গণসংযোগের কর্মসূচিও ছিল তার।
নাসীরুদ্দীন পাটওয়ারীর অসুস্থতার খবরে সমর্থক ও নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিলেও তার শারীরিক অবস্থার উন্নতির জন্য দোয়া করছেন তারা।
রিপোর্টার্স২৪/আয়েশা