ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা এলাকায় শনিবার (২৪ জানুয়ারি) সকালে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের ড্রাইভার ও হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের অন্তত ৭ যাত্রী আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনা ঘটে সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা–বরিশাল মহাসড়কের ভাঙ্গা পৌরসভার প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের সামনে। নিহতরা হলেন ফরিদপুর সদর উপজেলার কোতয়ালী থানার ধলার মোড় এলাকার বাসিন্দা নবীন শেখ (২২) এবং ট্রাকের হেলপার রাশেদ (৩০)। নবীনের পিতার নাম শেখ মজিদ। রাশেদের বাবার নাম ও ঠিকানা জানা যায়নি।
ভাঙ্গা হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, ফরিদপুরগামী ‘সপ্তবর্ণা পরিবহন’ এর একটি বাসের সঙ্গে ফরিদপুর থেকে ভাঙ্গামুখী ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ট্রাকের হেলপার মারা যান। পরে দুপুর ১২টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ড্রাইভারও মারা যান।
দুর্ঘটনায় আহত সাতজনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা সবাই বাসের যাত্রী। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালান।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলালউদ্দিন জানান, মুখোমুখি সংঘর্ষের কারণে দুর্ঘটনা ঘটেছে। নিহত দুজনই ট্রাকে ছিলেন। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
রিপোর্টার্স২৪/ঝুম