রিপোর্টার্স২৪ ডেস্ক: সরস্বতী পূজার রাতে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। ছোটবেলার বন্ধু দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছেন ছোটপর্দার পরিচিত মুখ, দর্শকের প্রিয় ‘পাখি’।
ছোটপর্দায় বহুবার কনের সাজে দেখা গেলেও, বাস্তব জীবনের বিয়ে সম্পর্কে আলাদা অনুভূতি ব্যক্ত করেন মধুমিতা। তিনি বলেন, “পর্দার বিয়ের সঙ্গে বাস্তবের বিয়ের কোনো তুলনা হয় না। নিজের বিয়ে তো জীবনের সবচেয়ে স্পেশাল মুহূর্ত।”
বিয়েতে একেবারে ঐতিহ্যবাহী বাঙালি সাজে ধরা দেন মধুমিতা। লাল বেনারসি শাড়ি, সোনার গয়নায় মোড়া সাজ, কপালে সূক্ষ্ম চন্দনের আলপনা সব মিলিয়ে কনের সাজে ছিলেন অপরূপা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতেই তার সেই রূপ ও সাজের প্রশংসা দেখা গেছে।
মধুমিতার বিয়েতে উপস্থিত ছিলেন ঘনিষ্ঠ বন্ধু ও ইন্ডাস্ট্রির পরিচিত মুখরা। অতিথিদের মধ্যে ছিলেন পরিচালক শিলাদিত্য মৌলিকসহ আরও অনেকে। কনের সঙ্গে তোলা ছবি তারা সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন, যা মুহূর্তেই নজর কাড়ে অনুরাগীদের।
বিয়ের মেনুতে ছিল মোগলাই খাবারের আয়োজন। পাশাপাশি ছিল আধুনিক নানা পদ। জানা গেছে, বিরিয়ানি থেকে ফিশ ফ্রাই, রেশমি কাবাব ছিল মেনুতে। বাদ যায়নি হরিয়ালি কাবাব, পনিরের নানা পদ। এ ছাড়াও বাটার নান, স্যালাদ, রায়তা, পাঁঠার মাংস, চিংড়ির পদ, বিভিন্ন ধরনের মিষ্টিসহ বেনারসি পান ছিল অতিথিদের জন্য পরিবেশিত।
উল্লেখ্য, এটি মধুমিতা সরকারের দ্বিতীয় বিয়ে। অতীতের বিচ্ছেদের যন্ত্রণা পেরিয়ে নতুন করে জীবন শুরু করার খবরে ভক্তরা খুশিতে ভাসছেন।
এর আগে সৌরভ চক্রবর্তীকে বিয়ে করেছিলেন মধুমিতা সরকার। ২০১৯ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর দীর্ঘ সময় একা ছিলেন অভিনেত্রী। তিন বছর আগে দেবমাল্যের সঙ্গে নতুন সম্পর্কে জড়ান। যদিও মাঝের সময় তাদের যোগাযোগ ছিল না, পরে পুনরায় যোগাযোগ স্থাপনের পরই নতুন জীবন শুরু করেন মধুমিতা।
রিপোর্টার্স২৪/আয়েশা