রিপোটার্স ২৪ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে তা ‘জুলাই স্মৃতি জাদুঘরে’ রাখার পরামর্শ দিয়েছেন অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও বিতর্ক।
শুক্রবার (২৩ জানুয়ারি) নিজের ফেসবুক অ্যাকাউন্টে মেট্রোরেলে তোলা শেখ হাসিনা ও তিশার একটি ছবি পোস্ট করেন শাওন। ছবিতে তিশাকে শাড়ি পরা অবস্থায় দেখা যায়। ছবির ক্যাপশনে শাওন ব্যঙ্গাত্মক ভাষায় লেখেন, ছবিটি বড় করে বাঁধিয়ে ‘জুলাই স্মৃতি জাদুঘরে’ সংরক্ষণের দাবি জানান তিনি।
ক্যাপশনে ব্যবহৃত কিছু শব্দ ও ইঙ্গিতপূর্ণ মন্তব্য ঘিরে নেটিজেনদের মধ্যে সমালোচনা ও পাল্টা প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই ধারণা করছেন, শাওনের এই মন্তব্যের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে ইঙ্গিত করে কটাক্ষ করা হয়েছে।
উল্লেখ্য, মোস্তফা সরয়ার ফারুকীর নির্মিত ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘ব্যাচেলর’-এর একটি আলোচিত লোকেশন ছিল ‘লিটনের ফ্ল্যাট’। সিনেমাটির সেই অংশ দীর্ঘদিন ধরে আলোচনায় ছিল। সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে সেই চলচ্চিত্রিক প্রসঙ্গও পরোক্ষভাবে স্মরণ করিয়ে দিয়েছেন শাওন এমনটাই মনে করছেন অনেকে।
পোস্টটি প্রকাশের পর থেকেই বিষয়টি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক প্ল্যাটফর্মে আলোচনার কেন্দ্রে রয়েছে। কেউ কেউ এটিকে রাজনৈতিক ব্যঙ্গ হিসেবে দেখছেন, আবার কেউ একে ব্যক্তিগত আক্রমণ হিসেবেও সমালোচনা করছেন।
রিপোটার্স ২৪/এসসি