স্টাফ রিপোর্টার: দেশে চাঁদাবাজির প্রবণতা বাড়ছে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তারা কারো মায়ের সন্তানকে চাঁদাবাজি করতে দেবে না। তিনি বলেন, যারা এই পেশায় যুক্ত আছেন তাদেরকে ফিরে আসার সুযোগ দেওয়া হবে, না হলে ‘কমপ্লিট লালকার্ড দেখানো হবে।
রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর যাত্রাবাড়ীতে ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের নির্বাচনী জনসভায় এসব কথা বলেন জামায়াত আমির।
ডা. শফিকুর রহমান বলেন, এই দেশে নতুন একটি পেশা এখন ভালো চলছে। এই পেশার নাম কী? চাঁদাবাজি। তিনি জনতার উদ্দেশ্যে প্রশ্ন করেন, আপনারা কি চাঁদাবাজের ভাই, পিতা, সন্তান, স্ত্রী, মা বা বোন হতে রাজি আছেন?
তিনি আরও বলেন, আজকের জনসভা থেকে যারা এই পেশায় যুক্ত তাদেরকে অনুরোধ করবো ভালো পথে ফিরে আসুন। আমরা আপনাদের হালাল রুজির ব্যবস্থা করে দেব, ইনশাআল্লাহ।
জামায়াত আমির বলেন, কিন্তু যদি এ পথ বাদ না দেন, আমরা একদম সাফ জানিয়ে দিচ্ছি আমাদের পক্ষ থেকে কমপ্লিট লালকার্ড। এই চাঁদা আমরাতো করার প্রশ্নই উঠে না, চাঁদাকে আমরা ঘৃণা করি। এটা ভিক্ষার চেয়েও নিকৃষ্ট। আমরা ইনশাআল্লাহ কারো মায়ের সন্তানকে চাঁদাবাজি করতে দেব না। কথা একদম সাফ।
তিনি বলেন, আমরা বলেছি, আমরা জামায়াতে ইসলামের বিজয় চাই না; আমরা জনগণের বিজয় চাই। জনগণের বিজয় হলে আমাদের বিজয়। সেই বিজয়টাই আমরা চাই।
রিপোর্টার্স২৪/এসসি