জামালপুর প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জে নিখোঁজের তিন দিন পর এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৫ জানুয়ারি) দুপুর প্রায় ১টার দিকে বাহাদুরাবাদ ইউনিয়নের মদনের চর আলতা এলাকার একটি আখক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত ইজিবাইক চালক আপেল (২৭), বাহাদুরাবাদ ইউনিয়নের মদনের চর গ্রামের পতর আলী ছেলে। পারিবারিক সূত্র জানায়, তিন দিন আগে একই গ্রামের রিপন নামের এক ব্যক্তি গভীর রাতে (প্রায় ৩টার দিকে) দেওয়ানগঞ্জ রেলস্টেশনে যাওয়ার কথা বলে আপেলকে ইজিবাইকসহ ডেকে নিয়ে যায়। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় পরিবার পক্ষ থেকে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর আহমেদ জানান, সকালে স্থানীয় কয়েকজন ব্যক্তি আখক্ষেতে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
সুরতহাল শেষে লাশটি ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন