বগুড়া প্রতিনিধি: বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার(২৫ জানুয়ারি) একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এবারের প্রতিপাদ্য— কুষ্ঠ রোগ নিরাময়যোগ্য, সামাজিক কুসংস্কার প্রকৃত বাধা কে সামনে রেখে সারাদেশের ন্যায় বগুড়ায় সিভিল সার্জনের কার্যালয়, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এবং উন্নয়ন সহযোগী সংস্থার সমন্বয়ে দিবসটি পালন করা হয়।
র্যালিতে অংশ নেন বগুড়া সিভিল সার্জন ডা. মোঃ খুরশীদ আলম, ডেপুটি সিভিল সার্জন ডা. এস. এম. নূর-ই-শাদীদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ ফারজানুল ইসলামসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
র্যালি শেষে সিভিল সার্জন কার্যালয়ের বন্ধন সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মোঃ খুরশীদ আলম। সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মোঃ আজিজুল হাকিম বাপ্পা এবং সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ আব্দুল হান্নানের সঞ্চালনায় ডেপুটি সিভিল সার্জন ডা. এস. এম. নূর-ই-শাদীদ স্বাগত বক্তব্য প্রদান করেন।
আলোচনা সভায় প্রকল্প ব্যবস্থাপক মোঃ ওয়াহিদুজ্জামান পলু (লেপ্রা বাংলাদেশ, বগুড়া) দিবসের প্রতিপাদ্যকে সামনে রেখে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে কুষ্ঠ রোগ সম্পর্কিত একটি তথ্যবহুল পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
এছাড়া আলোচনায় অংশ নেন ডা. মোঃ আফজাল হোসেন তরফদার, উপপরিচালক (স্বাস্থ্য সেবা কর্মসূচি), টিএমএসএস; ডা. তারেক মোঃ রেজা, সার্ভিল্যান্স অ্যান্ড ইমিউনাইজেশন মেডিকেল অফিসার, বিশ্ব স্বাস্থ্য সংস্থা; ডা. আসমাউল হুসনা, মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়, বগুড়া সদর; মোঃ সাইফুল ইসলাম, রোগী ও সাধারণ সম্পাদক এবং মোছা. তাছলিমা আক্তার, রোগী ও সভাপতি, বগুড়া জেলা কুষ্ঠ ও প্রতিবন্ধী উন্নয়ন ফেডারেশন। তাঁরা কুষ্ঠ রোগের কারণ, লক্ষণ, চিকিৎসা ও ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরেন।
আলোচকরা বলেন, কুষ্ঠ একটি সম্পূর্ণ নিরাময়যোগ্য রোগ। সুশৃঙ্খল জীবনযাপন, ধর্মীয় অনুশাসন, রাজনৈতিক সদিচ্ছা এবং সামাজিক উদ্যোগ গ্রহণের মাধ্যমে কুষ্ঠ রোগ নিয়ে প্রচলিত কুসংস্কার দূর করা সম্ভব।