ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নিয়ে কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্যের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক নেতার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও কুশপুতুল দাহ করেছেন একদল শিক্ষার্থী। একই সঙ্গে ওই মন্তব্যের জন্য মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছে ডাকসু।
বরগুনা-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর নির্বাচনি জনসভায় বরগুনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. শামীম আহসান বলেন, ডাকসু ছিল মাদকের আড্ডাখানা ও বেশ্যাখানা। ইসলামী ছাত্রশিবির সেটি পরিবর্তন করতে সক্ষম হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) রাতে পাথরঘাটা উপজেলার কাকচিঁড়া ইউনিয়নের কাটাখালী এলাকায় আয়োজিত ওই জনসভায় তিনি এসব মন্তব্য করেন।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী অন্যায়, চাঁদাবাজি ও দুর্নীতি উৎখাত করতে সক্ষম এবং ধর্মীয় অনুপ্রেরণা থেকেই তারা রাজনীতি করে। এ সময় তিনি সমর্থকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
শামীম আহসানের এই বক্তব্যকে ‘ঘৃণ্য, কুরুচিপূর্ণ ও অবমাননাকর’ উল্লেখ করে রোববার (২৫ জানুয়ারি) এক বিবৃতিতে ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, ডাকসু ছিল মাদকের আড্ডাখানা ও বেশ্যাখানা—এ ধরনের বক্তব্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর শিক্ষার্থী সমাজকে চরমভাবে অপমান করা হয়েছে। এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য।
বিবৃতিতে তিনি আরও বলেন, ডাকসুর সমাজসেবা সম্পাদক আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় বিশ্ববিদ্যালয় ও আশপাশে অবস্থানরত কিছু বহিরাগত মাদক ও পতিতা সিন্ডিকেট চিহ্নিত করতে ভূমিকা রেখেছেন। তবে এদের কেউই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বা সংশ্লিষ্ট ব্যক্তি নন। সে ঘটনাকে কেন্দ্র করে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়কে কটাক্ষ করা সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত।
ডাকসুর পক্ষ থেকে জানানো হয়, শামীম আহসানকে অবিলম্বে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। তিনি নির্ধারিত সময়ের মধ্যে ক্ষমা না চাইলে শাহবাগ থানায় তার বিরুদ্ধে মানহানির অভিযোগে মামলা দায়ের করা হবে।
এদিকে, এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। রোববার সন্ধ্যায় এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শামীম আহসানের বক্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাবমর্যাদা, সুনাম, ঐতিহ্য ও সম্মানকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে। অবিলম্বে এ বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে ভবিষ্যতে এ ধরনের অর্বাচীন মন্তব্য থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানানো হয়।
রিপোর্টার্স২৪/বাবি