কুমিল্লা প্রতিনিধি: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১৯৭১ সালে বীর মুক্তিযোদ্ধারা স্বাধীনতা অর্জন করেছিলেন। ২০২৪ সালের জুলাই–আগস্টের যোদ্ধারা সেই স্বাধীনতাকে রক্ষা করেছেন। গত ৫ আগস্ট পর্যন্ত বিএনপির ৪১৯ জনসহ হাজারেরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে—এ দাবি তিনি জানান।
রোববার (২৫ জানুয়ারি) রাত পৌনে ১১টায় কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী ফুলতলী (ডিগবাজি) মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, বিএনপি অতীতে দেশ পরিচালনায় সফল হয়েছে। নারীদের উচ্চমাধ্যমিক পর্যন্ত অবৈতনিক শিক্ষা ও কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করেছে বিএনপি। দীর্ঘ রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা থাকায় দুর্নীতি দমন, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি ও মানুষের জীবনযাত্রা নিরাপদ করা সম্ভব—মত তারেকের।
তিনি বলেন, বিএনপি সরকারের পরিকল্পনা বাস্তবায়ন করবে, কিন্তু কিছু দল জনগণের সঙ্গে ধোঁকা করছে। দেশের মানুষকে ধোঁকা দিয়ে কী লাভ? এই প্রশ্ন রেখে তিনি বলেন, রাজনীতিতে দিনের শেষে মানুষের কাছে ফিরে আসতে হবে।
তারেক আরও বলেন, বিএনপি সরকার গঠিত হলে প্রতিটি ঘরে ‘ফ্যামিলি কার্ড’ দেয়া হবে। মা-বোনদের প্রতি মাসে অন্তত ৭ দিনের সহযোগিতা দেওয়া হবে। এটি একসাথে সবকিছু দেয়ার প্রতিশ্রুতি নয়, বরং ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে। একইভাবে কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ দিয়ে সার, বীজ, কীটনাশকসহ সহায়তা দেওয়া হবে।
তিনি বলেন, কিছু দল তাদের অভিজ্ঞতার অভাবে মানুষকে ভালো কোনো আইডিয়া দিতে পারেনি, তাই তারা সমালোচনা করছে। বিএনপি দেশের মানুষকে ‘ভাগ্য পরিবর্তন’ করার লক্ষ্য নিয়ে কাজ করবে—এমন আশ্বাস দেন তিনি।
এ সময় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন, কুমিল্লা ১১টি সংসদীয় আসনের নির্বাচনি সমন্বয়ক আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা-৬ আসনের প্রার্থী মনিরুল হক চৌধুরী, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন, সাধারণ সম্পাদক আশিকুর রহমান ওয়াসিম, মহানগর সভাপতি উৎবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/বাবি