ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু জাহিদ চৌধুরীর সমর্থকদের হামলায় আহত উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেনের সমর্থকরা মানববন্ধন করেছেন।
সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) দুপুরে উপজেলার বিষ্ণুদিয়া গ্রামে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে ব্যানার ও ফেস্টুন নিয়ে শতাধিক নারী-পুরুষসহ গ্রামবাসী অংশ নেন। এসময় তারা অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।
মানববন্ধনে ইবি ছাত্রদলের সাবেক নেতা মোক্তার হোসেন, ফদিয়ার মেম্বারের বড় ভাই মশিয়ার রহমান, জাহিদুলের মা রিজিয়া খাতুন, আহম্মদের মেয়ে আকলিমা খাতুন, সোহেলের ভাবি উর্মি খাতুনসহ আহতের পরিবারের লোকজন বক্তব্য রাখেন। হামলাকারীদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু জাহিদ চৌধুরী ও উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেনের মধ্যে সামাজিক বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ১৯ জানুয়ারি সকালে আবু জাহিদ চৌধুরীর সমর্থকরা আবুল হোসেনের সমর্থকদের উপর অতর্কিত হামলা চালান। এসময় আবুল হোসেন সমর্থক জাহিদ, ফদিয়ার মেম্বার, আহম্মদ ও সোহেলসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। তারা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক।
রিপোর্টার্স২৪/এসএন