স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শারীরিক শিক্ষাকেন্দ্রে কয়েকজন বহিরাগতকে কান ধরে উঠবস করানোর ঘটনায় দুঃখপ্রকাশ করে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা। একই সঙ্গে তিনি ডাকসু থেকে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
সোমবার (২৬ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় ডাকসুর এই নেতা কয়েকজন বহিরাগতকে কান ধরে উঠবস করাচ্ছেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
এরপর দুপুরে নিজের ফেসবুক পেজে পৃথক দুটি স্ট্যাটাসে সর্বমিত্র চাকমা ঘটনার জন্য দুঃখপ্রকাশ ও ক্ষমা চেয়ে পদত্যাগের ঘোষণা দেন।
ক্ষমা চেয়ে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষাকেন্দ্রের মাঠটি শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত। দীর্ঘদিন ধরে বহিরাগতদের অবাধ প্রবেশ একটি গুরুতর নিরাপত্তা ঝুঁকিতে পরিণত হয়েছে। নারী শিক্ষার্থীদের হেনস্তা, মোবাইল ও মানিব্যাগ চুরি এবং সাইকেল চুরির মতো ঘটনার অভিযোগ বারবার উঠলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
তিনি অভিযোগ করেন, শারীরিক শিক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন কিংবা বহিরাগত প্রবেশ রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়নি। ঢাকা মেডিকেল কলেজ সংলগ্ন দেয়াল টপকে নিয়মিত বহিরাগতরা প্রবেশ করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নেয়নি।
এ অবস্থায় পরিস্থিতি সামাল দিতে গিয়ে বহিরাগতদের কান ধরে উঠবস করানোর সিদ্ধান্ত নেন বলে উল্লেখ করেন সর্বমিত্র। তবে তিনি স্বীকার করেন, এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি লেখেন, এভাবে কাউকে শাস্তি দেওয়া আমার উচিত হয়নি। এই ঘটনার জন্য আমি নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করছি।
পৃথক আরেকটি পোস্টে পদত্যাগের সিদ্ধান্ত জানিয়ে সর্বমিত্র চাকমা বলেন, শিক্ষার্থীদের প্রত্যাশা নিয়ে তিনি ডাকসুতে দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং ক্যাম্পাস নিরাপদ করতে নানা প্রস্তাব প্রশাসনের কাছে দিয়েছিলেন। তবে প্রশাসনিক স্থবিরতা ও নিরাপত্তাহীনতার কারণে দায়িত্ব পালন করতে গিয়ে তাকে আইনের সীমার বাইরে যেতে হয়েছে, যা তার ব্যক্তিগত ও মানসিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলেছে।
তিনি বলেন, আমার আর এই দায়িত্ব চালিয়ে যাওয়ার সক্ষমতা নেই। তাই স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। কোনো অভিমান বা প্ররোচনায় নয়।
রিপোর্টার্স২৪/এসসি