ঝিনাইদহ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদী শাসকরা কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেছিল। আমি এখানে তাদের পক্ষে কথা বলতে এসেছি, যাদের তুলে নিয়ে গিয়ে আয়নাঘরে বছরের পর বছর গুম করে রাখা হয়েছিল। আল্লাহর মেহেরবানিতে ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় ঝিনাইদহ শহরের ওয়াজির আলী হাইস্কুল মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, আগামী পাঁচ বছরে বাংলাদেশের চেহারা পাল্টে দেওয়া হবে। আমরা ক্ষমতায় গেলে দুর্নীতিবাজদের পেটের ভেতরে হাত ঢুকিয়ে কালো টাকা বের করে আনা হবে। দুর্নীতিবাজদের হাত ভেঙে ব্যান্ডেজ করে দেওয়া হবে। আমরা একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই।
বেকার যুবকদের উদ্দেশে তিনি বলেন, আমরা তোমাদের বেকার ভাতা দিয়ে অপমান করতে চাই না। তোমরা কাজ চাও। তাই বেকারদের জন্য টেকসই কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আমরা দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। ১১টি দল এক হয়েছি দুর্নীতিকে লাল কার্ড দেখানোর জন্য।
চাঁদাবাজদের উদ্দেশে তিনি বলেন, ৫ আগস্টের পর থেকে ঝিনাইদহে অতিরিক্ত হারে চাঁদা আদায় করা হচ্ছে। মানুষ কষ্ট করে রুজি-রোজগার করে, আর সেখানে গিয়ে চাঁদা দাবি করা হচ্ছে। চাঁদাবাজি না করে ভিক্ষা করাই তোমাদের জন্য ভালো।
তিনি আরও বলেন, আমরা অনৈক্য ও বিভক্তি নয়, একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চাই। ২০২৪ সালে একটি বিপ্লব হয়েছে, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি আরেকটি বিপ্লব ঘটাতে হবে। আমরা ১৮ কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই এবং বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে চাই।
১১ দলীয় জোট আয়োজিত এ জনসভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য প্রার্থী আলী আজম মো. আবু বকর।
এ ছাড়া বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা কমিটির সদস্য ও ঝিনাইদহ-৩ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মতিয়ার রহমান, কালীগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও ঝিনাইদহ-৪ আসনের মনোনীত প্রার্থী মাওলানা আবু তালিব, শৈলকূপা উপজেলা জামায়াতের আমীর ও ঝিনাইদহ-১ আসনের মনোনীত প্রার্থী এ এস এম মতিউর রহমান, জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সদস্য মোবারক হোসেন, জাতীয় গণতান্ত্রিক পার্টির মুখপাত্র রাশেদ প্রধান এবং এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা।
রিপোর্টার্স২৪/এসসি