কুমিল্লা (প্রতিনিধি): কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই) আসনে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক বরাদ্দ পেয়েছেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া।
মোবাশ্বের আলম ২০০৮ সালের নির্বাচনে একই আসনে বিএনপির প্রার্থী ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পুনরায় মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তবে প্রথমে দল এই আসনের সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভূঁইয়াকে মনোনয়ন দেয়। পরে গফুর ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিল হলে হাইকোর্ট মোবাশ্বের আলমের পক্ষে রায় দেন এবং তাকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেন।
হাইকোর্টের আদেশে বলা হয়, মোবাশ্বের আলমের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে এবং প্রার্থীকে ধানের শীষ প্রতীক বরাদ্দের নির্দেশ দেওয়া হয়েছে।
কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান জানান, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী মোবাশ্বের আলমকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। তিনি বলেন, আদেশের সার্টিফায়েড কপি জমা পাওয়ার পরই প্রতীক বরাদ্দ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
সোমবার সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ের সম্মেলন কক্ষে মোবাশ্বের আলম ভূঁইয়ার প্রস্তাবকারী, সমর্থনকারীসহ নেতা-কর্মীরা উপস্থিত থেকে প্রতীক গ্রহণ করেন।
এ বিষয়ে মোবাশ্বের আলমের অনুসারী নাঙ্গলকোট উপজেলা বিএনপি নেতা নুরুল ইসলাম বলেন, শেষ ভালো যার, সব ভালো তার। আমাদের নেতা মোবাশ্বের আলম ভূঁইয়ার ক্ষেত্রে এমনটাই ঘটেছে। আশা করছি তিনি বিপুল ভোটে জয়ী হবেন।
এদিকে, মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিল ও পুনরায় প্রার্থী হওয়ার প্রেক্ষাপট বেশ জটিল। তিনি ৩ জানুয়ারি যাচাই-বাছাইয়ে ঋণখেলাপি এবং দলীয় প্রত্যয়নপত্র না থাকায় মনোনয়নপত্র বাতিল হন। পরে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন। শুনানি শেষে ইসি তার আপিল নামঞ্জুর করে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল রাখে। এরপর তিনি হাইকোর্টে রিট করেন।
মোবাশ্বের আলমের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বলেন, তিনি ১০ ডিসেম্বর এককালীন অর্থ পরিশোধ করে ঋণ পুনঃতফসিল করেছেন এবং ব্যাংক দেরিতে তথ্য পাঠানোর কারণে ভুলভাবে খেলাপি দেখানো হয়েছিল। দলীয় প্রত্যয়নপত্রের ক্ষেত্রে তিনি পরে দল থেকে চূড়ান্ত মনোনয়ন পান এবং সেটি নিয়ে হাইকোর্টে রিট করেন।
এ বিষয়ে কুমিল্লা-১০ আসনে অন্য প্রার্থীরাও প্রতীক পেয়েছেন। জামায়াতের মুহাম্মদ ইয়াছিন আরাফাতকে দাঁড়িপাল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. শামছুদ্দোহাকে হাতপাখা, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের কাজি নুরে আলম ছিদ্দিকিকে ছড়ি, বাংলাদেশ কংগ্রেসের হাছান আহম্মেদকে ডাব, গণ অধিকার পরিষদের রমিজ বিন আরিফকে ট্রাক এবং আমজনতার দলের মো. আবদুল্লাহ আল নোমানকে প্রজাপতি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
গত ২৫ জানুয়ারি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজি সংলগ্ন ফুলতলী মাঠে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশে মোবাশ্বের আলম নতুন প্রার্থী হিসেবে উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/এসসি