স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরা এলাকায় ঢাকা-১৮ আসনে ১১ দলীয় জোট–সমর্থিত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আরিফুল ইসলামের ‘আজাদী যাত্রা’ কর্মসূচি থেকে চাপাতিসহ এক যুবককে আটক করা হয়েছে। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যার পর ময়মনসিংহ–ঢাকা মহাসড়কের উত্তরার আজমপুর এলাকায় এ ঘটনা ঘটে। আটক যুবকের নাম মো. মানিক। তিনি গাজীপুরের গাছা উপজেলার খাইলকৈর দক্ষিণ গ্রামের বাসিন্দা এবং মৃত আবুল হাসেমের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও আজাদী যাত্রায় অংশ নেওয়া কর্মীদের ভাষ্য অনুযায়ী, সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে আজমপুর এলাকায় পদযাত্রা চলাকালে মানিকের আচরণ সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি চাপাতি উদ্ধার করা হয় বলে দাবি করা হয়। বিষয়টি জানানো হলে কর্মসূচিতে উপস্থিত নেতাকর্মীরা তাকে উত্তরা পূর্ব থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
এ বিষয়ে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোর্শেদ আলম জানান, আরিফুল ইসলামের পদযাত্রা চলাকালে চাপাতিসহ এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ না দেওয়ায়, মঙ্গলবার (২৭ জানুয়ারি) আটক মানিককে ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হবে।
রিপোর্টার্স২৪/বাবি