রিপোর্টার্স২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির অবসান ঘটিয়ে আজ ময়মনসিংহ যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রায় ২২ বছর পর এই অঞ্চলে তার সরাসরি উপস্থিতিকে কেন্দ্র করে ময়মনসিংহজুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক রাজনৈতিক উত্তেজনা ও উৎসবমুখর পরিবেশ।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ২টায় নগরীর সার্কিট হাউস মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি।
বিএনপি নেতাকর্মীদের আশা, এই জনসভা ময়মনসিংহের রাজনৈতিক ইতিহাসে স্মরণকালের অন্যতম বৃহৎ সমাবেশে রূপ নেবে। জনসভা থেকে ময়মনসিংহ বিভাগের ২৪টি সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থীদের এক মঞ্চে পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান এবং তাদের পক্ষে ভোট চেয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন।
সমাবেশে সভাপতিত্ব করবেন ময়মনসিংহ জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক জাকির হোসেন। পাশাপাশি আগামীর রাজনৈতিক পথচলা ও দলকে বিজয়ের দিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেবেন বিএনপি চেয়ারম্যান।
এ বিষয়ে সোমবার এক সংবাদ সম্মেলনে বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম জানান, জনসভাকে সফল করতে চার জেলার পাশাপাশি ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা এবং বিভিন্ন উপজেলার নেতাদের সঙ্গে একাধিক প্রস্তুতি সভা সম্পন্ন করা হয়েছে। ইতোমধ্যে সব ইউনিটের নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ‘জনসভাস্থলে মূল মঞ্চ নির্মাণের কাজ চলছে। যেহেতু পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই সমাবেশস্থলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এলইডি স্ক্রিন স্থাপন করা হবে। নারী নেতাকর্মী ও সমর্থকদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে।’
সংবাদ সম্মেলনে শরীফুল আলম জানান, সর্বশেষ ২০০৪ সালে তারেক রহমান ময়মনসিংহে একটি ইউনিয়ন প্রতিনিধি সভায় অংশ নিয়েছিলেন। প্রায় ২২ বছর পর তার এই আগমনকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে।
তিনি বলেন, ‘আমরা আশা করছি সার্কিট হাউস মাঠসহ পুরো শহরেই মানুষের ঢল নামবে। মাঠে সুপেয় পানির ব্যবস্থা থাকবে এবং পুরো সমাবেশ এলাকা সিসি ক্যামেরার আওতায় থাকবে। প্রশাসনের কাছে আমরা লিখিতভাবে সহযোগিতা চেয়েছি এবং তারা আমাদের প্রয়োজনীয় সহায়তা করছেন। সব মিলিয়ে একটি শান্তিপূর্ণ ও সফল জনসভা উপহার দিতে আমরা প্রস্তুত।’
রিপোর্টার্স২৪/ঝুম