বেনাপোল প্রতিনিধি: অধিকাল ভাতা বন্ধের প্রতিবাদে বেনাপোলে বন্দর কর্মচারীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। এতে আজ এক ঘণ্টা বন্ধ ছিল আমদানি-রপ্তানি ও বন্দর থেকে পণ্য খালাস কার্যক্রম। মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত স্থলবন্দর দাবি আদায় পরিষদের আয়োজনে বেনাপোল বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনালের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বন্দরের দেড় শতাধিক কর্মচারী অংশ নেন।
মানববন্ধনে বন্দর কর্মচারীরা বলেন, অফিস সময়ের অতিরিক্ত সময় কাজের পারিশ্রমিক হিসেবে তারা গত ২১ বছর ধরে অধিকাল ভাতা পেয়ে আসছিলেন। তবে গত দুই মাস ধরে সরকার এই অধিকাল ভাতা বন্ধ করেছে। এতে তারা অর্থনৈতিক ও মানসিকভাবে ক্ষতির শিকার হচ্ছেন। বর্তমানে সপ্তাহের ৭ দিন ২৪ ঘণ্টা তাদের অফিস করতে হয়। দ্রুত এই ভাতা চালু না করলে আগামীতে অফিস সময় বিকেল ৫টার পর থেকে বন্দরের কার্যক্রম বন্ধ রাখার হুঁশিয়ারি দেন তারা।
এদিকে মানববন্ধন ও কর্মবিরতির কারণে বন্ধ হয়ে পড়ে আমদানি, রপ্তানি ও পণ্য খালাস কার্যক্রম। এতে বন্দরে পণ্যজটের সৃষ্টি হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বন্দর ওয়্যারহাউস ইন্সপেক্টর শাহাদত হোসেন, হাফিজুর রহমান, নাহিদ পারভেজ প্রমুখ।
রিপোর্টার্স ২৪/এসএন