ফেনী প্রতিনিধি: নির্বাচনে ভোটগ্রহণ সংশ্লিষ্ট কোনো ব্যক্তি বা সংস্থার ভোটগ্রহণে পক্ষপাতিত্ব সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে ফেনী জেলা প্রশাসক কার্যালয়ে জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইসি সানাউল্লাহ বলেন, নিরপেক্ষতার প্রশ্নে সামান্যতম কোনো বিচ্যুতিও নির্বাচন কমিশন গ্রহণ করবে না। অতীতে বিভিন্ন প্রতিষ্ঠান ভাবমূর্তি সংকটে পড়েছে মূলত নিরপেক্ষতা ও স্বচ্ছতার অভাবের কারণে। সে অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই নির্বাচন কমিশন এক চুল পরিমাণ পক্ষপাতিত্বও মেনে নেবে না।
তিনি বলেন, নির্বাচন কমিশন কিংবা সরকারের পক্ষ থেকে কখনোই পক্ষপাতিত্বমূলক কোনো নির্দেশনা দেওয়া হবে না। এরপরও কেউ যদি নিজের পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠতে ব্যর্থ হন এবং পক্ষপাতিত্বের অভিযোগ প্রমাণিত হয়, তাহলে তার পরিণতি খুব খারাপ হবে। এ বিষয়ে কমিশন অত্যন্ত কঠোর অবস্থানে থাকবে।
এই নির্বাচনের সঙ্গে দেশের ভাবমূর্তি জড়িত উল্লেখ করে ইসি বলেন, এবারের নির্বাচন শুধু গণতান্ত্রিক প্রক্রিয়া পুনরুদ্ধারের জন্য নয়; এর সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের ভাবমূর্তি ওতপ্রোতভাবে জড়িত। দীর্ঘ খরার পর বৃষ্টির মতো এ নির্বাচন দেশের জন্য গুরুত্বপূর্ণ। তিনি জানান, এবার প্রথমবারের মতো কার্যকরভাবে পোস্টাল ব্যালট বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে এবং তথ্যপ্রযুক্তির ব্যবহারের দিক থেকেও এটি একটি ভিন্নমাত্রার নির্বাচন। এমনকি ২০০৮ সালের প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনেও এ ধরনের প্রযুক্তিগত পরিবর্তন ছিল না।
তিনি আরও বলেন, নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে মাঠপর্যায়ে সবার ঐক্যবদ্ধতা অত্যন্ত জরুরি। ফেনী জেলায় এখন পর্যন্ত সেই ঐক্য দৃশ্যমান রয়েছে। অতীতের যে কোনো সময়ের তুলনায় এবার আচরণবিধি মেনে চলার প্রবণতা বেড়েছে, যা নির্বাচন কমিশনের কাজকে সহজ করেছে। এই নির্বাচনে পক্ষপাতিত্ব কিংবা আচরণবিধি লঙ্ঘনের কোনো সুযোগ নেই।
আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে তিনি বলেন, মানুষের যেন নির্বিঘ্নে ও নির্ভয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ থাকে এটি নিশ্চিত করাই সবার প্রধান দায়িত্ব। নির্বাচন সুষ্ঠু হওয়ার পূর্বশর্ত হলো ভালো আইনশৃঙ্খলা ব্যবস্থা। এ জন্য সব বাহিনী ও প্রশাসনের সমন্বিতভাবে কাজ করার বিকল্প নেই।
ফেনী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনিরা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন, সেনাবাহিনীর প্রতিনিধিসহ ছয় উপজেলার নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/এসসি