দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোট প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহকে প্রধান অতিথি করে উপজেলার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ডভিত্তিক শাপলা কলি প্রতীকের সমর্থনে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বাদ ফজর থেকে শুরু করে রাত ৮টা পর্যন্ত উক্ত অনুষ্ঠান চলমান থাকবে বলে জানিয়েছেন জোট নেতৃবৃন্দ।
শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেবিদ্বারের মানুষ পরিবর্তন চায়, তারা দুর্নীতি ও স্বজনপ্রীতির রাজনীতি আর দেখতে চায় না। শাপলা কলি প্রতীক হচ্ছে সততা, আদর্শ ও জনকল্যাণের প্রতীক।”
তিনি আরও বলেন, আমরা ক্ষমতার রাজনীতি নয়, সেবার রাজনীতি করতে চাই। তরুণ সমাজ, ছাত্রসমাজ ও সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়েই একটি মানবিক ও ইনসাফভিত্তিক সমাজ গড়ে তুলতে চাই।
উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি ও সফল উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মু. সাইফুল ইসলাম শহীদ। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর জামায়াতে ইসলামীর আমির ফেরদৌস আহমেদ, সদ্য সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হাফেজ মাও. মোফাজ্জাল হোসেন, মাও. রুহুল আমিন, জামায়াতের ইউনিয়ন আমির শরিফুল ইসলাম বান্না, যুবশক্তির কেন্দ্রীয় সদস্য নাজমুল হাসান নাহিদ, কলেজ শাখা ছাত্র সংগঠনের সভাপতি সাকিব হাসান, এনসিপির উপজেলা যুগ্ম আহ্বায়ক শামীম কায়ছার এবং এনসিপি নেতা জনি সাহা।
উপস্থিত নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, শাপলা কলি প্রতীক হচ্ছে ন্যায়, সততা ও জনকল্যাণের রাজনীতির প্রতীক। তারা সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই প্রতীকের পক্ষে কাজ করার আহ্বান জানান।
উঠান বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জোটের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ ভোটার উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে দেবিদ্বারের জনগণ যোগ্য ও সৎ নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে একটি নতুন রাজনৈতিক ধারা প্রতিষ্ঠা করবে।