সিনিয়র রিপোর্টার: গাজীপুরের সমাবেশে প্রবেশ করছেন তারেক রহমান।গাজীপুরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। দীর্ঘ প্রায় ২১ বছর পর তারেক রহমান গাজীপুরে জনসভায় যোগ দিতে যাচ্ছেন এ উপলক্ষে ঐতিহাসিক রাজবাড়ী ময়দান বর্ণিল সাজে সাজানো হয়েছে। ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে বিশাল মঞ্চ, আর প্রিয় নেতাকে একনজর দেখতে সকাল থেকেই অপেক্ষায় রয়েছেন হাজারো নেতাকর্মী।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা ছয়টার দিকে রাজবাড়ী ময়দানে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। তার আগমন উপলক্ষে ময়দানের পশ্চিম প্রান্তে নির্মাণ করা হয়েছে সুবিশাল মঞ্চ। মঞ্চের পেছনে স্থাপন করা হয়েছে বড় এলইডি স্ক্রিন। পুরো মাঠজুড়ে আলোকসজ্জা, মাইক ও আধুনিক সাউন্ড সিস্টেম বসানো হয়েছে। চারপাশ ব্যানার, ফেস্টুন ও দলীয় পোস্টারে সজ্জিত করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টার পর থেকে ভিড় আরও বাড়তে থাকে। গাজীপুর জেলা শহরের বিভিন্ন স্থানে জড়ো হওয়া নেতাকর্মীরা মিছিল আকারে জনসভাস্থলে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
এই ঐতিহাসিক জনসভাকে সফল করতে গাজীপুরের প্রতিটি উপজেলা, সিটি করপোরেশনের থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাদের নিয়ে একাধিক প্রস্তুতি সভা করেছেন দলীয় নেতৃবৃন্দ। গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি জানান, জনসভায় কয়েক লাখ নেতাকর্মী ও সাধারণ মানুষের সমাগম হতে পারে বলে তারা আশাবাদী।
জনসভায় অংশ নিতে গিয়ে কেউ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক সেবা দিতে মাঠে একাধিক চিকিৎসা সেবাকেন্দ্র স্থাপন করা হয়েছে বলে জানিয়েছে আয়োজক কমিটি।
জানা গেছে, এর আগে ২০০৫ সালের ২৯ মার্চ গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে বিএনপির ইউনিয়ন প্রতিনিধি সভায় যোগ দিয়েছিলেন তারেক রহমান। দীর্ঘ ২০ বছর ৯ মাস ২৮ দিন পর তিনি আবার গাজীপুরে কোনো দলীয় কর্মসূচিতে অংশ নিচ্ছেন, যা ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আবেগ লক্ষ্য করা যাচ্ছে।
রিপোর্টার্স২৪/এসসি