সিনিয়র রিপোর্টার: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাঁচ বছরের বেশি সময় একই চাকরিতে থাকা উচিত নয়। কারণ দীর্ঘ সময় এক জায়গায় থাকার ফলে তাদের মন এবং কাজের ধারা স্থির হয়ে যায় এবং দ্রুত পরিবর্তিত বিশ্বের সঙ্গে খাপ খাইয়ে চলা কঠিন হয়ে পড়ে।
বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোর উদ্বোধন ও ‘বাংলাদেশ ইনোভেশন চ্যালেঞ্জ’-এর ওয়েবসাইট ও লোগো উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।
ড. ইউনূস বলেন, প্রযুক্তির পরিবর্তনের গতি এত দ্রুত যে পুরনো নীতি ও অভিজ্ঞতা আর বর্তমান বাস্তবতার সঙ্গে খাপ খায় না। প্রযুক্তি মন্ত্রণালয়ে এমন অনেক কর্মকর্তা আছেন, যারা ৩০ বছর আগে যা শিখেছেন, এখনও সেই ধারার মধ্যে কাজ করছেন। এটি তাদের দোষ নয়, তবে নতুন পরিবর্তন এবং আধুনিক চিন্তাভাবনা আনা প্রয়োজন।
তিনি আরও বলেন, সরকার এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে না। অনেক পুরনো নিয়ম-কানুনের মধ্যে আটকে রয়েছে, যা নতুন নীতির বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে। প্রতিটি প্রতিষ্ঠান কমপক্ষে ১০ বছর পর পর পুনর্গঠন করা উচিত। নতুন নেতৃত্ব এবং চিন্তাভাবনা ছাড়া দেশ পিছিয়ে যাবে।
প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, প্রযুক্তি মন্ত্রণালয় এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিভাগে নতুন প্রজন্মের কর্মকর্তা আনা প্রয়োজন, যাতে দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তি এবং নীতি কার্যকরভাবে প্রয়োগ করা যায়। তিনি বলেন, সরকারের প্রথাগত আচরণ হলো পুরনো কাঠামোয় আটকে থাকা। প্রযুক্তির কাজ হলো সেই কাঠামো ভেঙে নতুন পথে অগ্রসর হওয়া। এই দ্বন্দ্বে প্রযুক্তিকেই জয়ী হতে হবে।
রিপোর্টার্স২৪/এসসি