স্পোর্টস ডেস্ক: নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাছাই পর্বে সুপার সিক্সের দুই ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপের টিকিট পেয়ে গেছে টাইগ্রেসরা।
বাছাই পর্বে টানা পাঁচ জয়ে আগেই মূলপর্বের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল বাংলাদেশ। বুধবার সুপার সিক্সের ম্যাচে নেদারল্যান্ডসের কাছে যুক্তরাষ্ট্র হেরে যাওয়ায় বাংলাদেশের বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়।
বৃষ্টিবিঘ্নিত ওই ম্যাচে আগে ব্যাট করে যুক্তরাষ্ট্র ৭ উইকেটে ১২৯ রান তোলে। জবাবে নেদারল্যান্ডস ১২ ওভারে ২ উইকেট হারিয়ে ৯০ রান করার পর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। পরে আর খেলা শুরু না হওয়ায় ডাকওয়ার্থ-লুইস (ডিএল) পদ্ধতিতে নেদারল্যান্ডসকে ২১ রানের জয়ী ঘোষণা করা হয়।
এই জয়ের ফলে নেদারল্যান্ডসও মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করে। নেদারল্যান্ডসের সমান ৬ পয়েন্ট থাকায় বাংলাদেশও বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে নেয়।
বাছাই পর্ব থেকে বাকি দুটি দল হিসেবে বিশ্বকাপে ওঠার দৌড়ে এগিয়ে রয়েছে স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড। অন্যদিকে এখনো কোনো পয়েন্ট না পাওয়া যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ডের সম্ভাবনা কার্যত শেষ হয়ে গেছে। আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ।
রিপোর্টার্স২৪/এসসি