বাগেরহাট প্রতিনিধি: বাংলাদেশ মহিলা পরিষদ বাগেরহাট জেলা শাখার সাবেক সভাপতি, সমাজ সেবক ও সময়ের সাহসী নারী নেতা তহুরা হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) বাগেরহাটের গ্রামের বাড়িতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। উল্লেখ্য, গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি ঢাকার সিএমএইচ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।
তহুরা হোসেন বাংলাদেশ মহিলা পরিষদ বাগেরহাট শাখার তৃতীয় সভাপতি ছিলেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ মহিলা পরিষদ গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।
নেত্রী হিসেবে তহুরা হোসেন নারীর ক্ষমায়নে, বৈষম্য রোধে, পারিবারিক বিরোধ মিমাংসায় এবং নারীর মানবাধিকার লঙ্ঘনজনিত অসংখ্য ঘটনায় ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য আন্দোলন ও সংগঠন করেছেন। তাঁর সংগ্রামী নেতৃত্বে বাগেরহাট মহিলা পরিষদ বহু আন্দোলন ও উদ্যোগ সফলভাবে পরিচালনা করেছে।
তহুরা হোসেনের জন্ম ১৯৪৭ সালে। তিনি বিশিষ্ট শিক্ষা ব্যক্তিত্ব অধ্যাপক মোঃ মোজাফফর হোসেনের সহধর্মিনী। মৃত্যুকালে তিনি স্বামী, দুই পুত্র ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর বড় ছেলে আবরার হোসেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, মেয়ে শারমিন সিদ্দিকা গৃহিণী এবং ছোট ছেলে ইশতিয়াক হোসেন ব্যবসায়ী।
বাংলাদেশ মহিলা পরিষদ তহুরা হোসেনের অবদান ও সংগ্রামী জীবনকে শ্রদ্ধাভরে স্মরণ করবে।
রিপোর্টার্স২৪/বাবি