স্টাফ রিপোর্টার: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের প্রোগ্রামে কম্পিউটার সায়েন্স বিষয়ে পাঠদানের ক্ষেত্রে খণ্ডকালীন শিক্ষক নিয়োগের অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষক সংকটের কারণে যাতে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম ব্যাহত না হয়, সে লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্র থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট কলেজ বা প্রতিষ্ঠানে যদি নির্ধারিত যোগ্যতাসম্পন্ন পূর্ণকালীন শিক্ষক পাওয়া না যায়, তাহলে বিকল্প ব্যবস্থার আওতায় খণ্ডকালীন শিক্ষক নিয়োগ দেওয়া যাবে।
এ ক্ষেত্রে সরকারি কলেজের অধ্যক্ষ অথবা বেসরকারি কলেজের গভর্নিং বডি নিজস্ব ব্যবস্থাপনায় জেলা বা উপজেলা পর্যায়ে কর্মরত কম্পিউটার প্রোগ্রামার, সহকারী প্রোগ্রামার (এপি) অথবা আইসিটি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী অভিজ্ঞ ও দক্ষ রিসোর্স পারসনকে খণ্ডকালীন শিক্ষক হিসেবে নিয়োগ দিতে পারবেন। তবে নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির একাডেমিক যোগ্যতা ও পাঠদানের সক্ষমতা বিবেচনায় নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সাম্প্রতিক সময়ে অনেক কলেজে কম্পিউটার সায়েন্স বিষয়ে শিক্ষক সংকট দেখা দেওয়ায় নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছিল। শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখা এবং পাঠদানের ধারাবাহিকতা ও গুণগত মান নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা আশা করছেন, এই অনুমোদনের ফলে কলেজগুলো দ্রুত শিক্ষক সংকট কাটিয়ে উঠতে পারবে এবং কম্পিউটার সায়েন্স বিষয়ের শিক্ষার্থীরা নিরবচ্ছিন্নভাবে তাদের পাঠক্রম সম্পন্ন করার সুযোগ পাবে।