স্টাফ রিপোর্টার: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “কখনো কোনো নারী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রধান হতে পারবেন না।” তিনি এসময় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটি কোনো নারী প্রার্থী না দেওয়ার কারণও ব্যাখ্যা করেছেন।
শফিকুর রহমান সম্প্রতি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন, “আসন্ন নির্বাচনে জামায়াত কোনো নারী প্রার্থী দিচ্ছে না। অন্য দলও অল্প সংখ্যক নারী প্রার্থী দিয়েছে, কিন্তু আমাদের দেশীয় সংস্কৃতির কারণে আমরা এ বিষয়ে প্রস্তুতি নিচ্ছি।”
নারীকে অসম্মান করা হচ্ছে কি না—এ বিষয়ে শফিকুর রহমান বলেন, “আমরা নারীকে অসম্মান করি না। আমাদের কেবল মনে হয়, কিছু দায়িত্ব তারা পালন করতে পারবে না। আল্লাহ প্রত্যেককে আলাদাভাবে বানিয়েছেন। যেমন, পুরুষরা সন্তানকে বুকের দুধ খাওয়াতে পারে না, এটা আল্লাহর দান। আমরা সেটি পরিবর্তন করতে পারব না।”
তিনি আরও বলেন, “গত তিন দশকে দেশে নারী প্রধানমন্ত্রী হয়েছেন। আমরা তাদের অসম্মান করি না, আমাদের তাতে অসুবিধা নেই। তবে কিছু দায়িত্ব রয়েছে, যা নারী পালন করতে পারবেন না। এ বিষয়টি আমাদের সংস্কৃতির সঙ্গে সম্পর্কিত।”
সাংবাদিকরা প্রশ্ন করলে শফিকুর রহমান জোর দিয়ে বলেন, “মা সন্তান জন্ম দেওয়ার পর যে দায়িত্ব পালন করে, সেটি পুরুষ বা অন্য কেউ করতে পারবে না। আল্লাহ সবকিছু জানেন।”
রিপোর্টার্স২৪/এসসি