স্টাফ রিপোর্টার: ক্ষমতায় গেলে পদ্মা ব্যারেজ নির্মাণ করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে মৃতপ্রায় বরেন্দ্র উন্নয়ন প্রকল্প পুনরায় সচল করার ঘোষণা দেন তিনি।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, গ্রামের প্রত্যেকটি মা ফ্যামিলি কার্ড পাবেন। থাকবে মাতৃত্বকালীন সুবিধা। কৃষক কার্ডের মাধ্যমে সার, বীজ, কীটনাশক ও কৃষি ঋণসহ সব ধরনের সুবিধা কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। এছাড়া ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হবে।
তিনি বলেন, একটি মহল পরিকল্পিতভাবে আসন্ন জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এই ষড়যন্ত্রের বিষয়ে সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে। বিগত ১৬ বছরে আমরা কয়েকটি তথাকথিত নির্বাচন দেখেছি। আমরা নিশিরাতের নির্বাচন দেখেছি, গায়েব নির্বাচন দেখেছি। দেশের মানুষ কি ভোট দিতে পেরেছে? পারেনি। যারা মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল, তারা আজ ক্ষমতায় নেই।
বিএনপি চেয়ারম্যান বলেন, আগামী ১২ তারিখের নির্বাচন যেন কেউ বানচাল করতে না পারে, সেজন্য আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। জনগণের ভোটাধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সমাবেশে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও পাবনার মোট ১৩টি সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীদের পাশাপাশি কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।
এর আগে তারেক রহমান নির্বাচনী জনসভায় যোগ দিতে বাংলাদেশ বিমানে দুপুর ১২টা ২০ মিনিটে রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। জনসভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ। আয়োজিত জনসভায় কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি জেলা, উপজেলা ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব