জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে খেজুরের গুড়ের সঙ্গে ভারতীয় মাদকজাতীয় সিরাপ উইন সেরেক্স পাচারকালে মুকুল মিয়া (৩৫) নামের একজনকে আটক করেছে বিজিবি সদস্যরা।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত সাতটার দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার পেয়ারাতলা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
এ সময় জব্দ করা হয় ৯২ বোতল উইন সেরেক্স, ১৩০ কেজি খেজুরের গুড় ও ৫টি প্লাস্টিকের ক্যারেট। আটক মুকুল মিয়া একই উপজেলার নতুনপাড়া গ্রামের মৃত কফিল উদ্দীনের ছেলে।
বিজিবি জানায়, মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন গয়েশপুর বিওপির একদল বিজিবি বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬৯/এমপি হতে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর উপজেলার পেয়ারাতলা বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময় মুকুল মিয়া নামের একজনকে আটক করে তার হেফাজত থেকে উদ্ধারপূর্বক জব্দ করা হয় ৯২ বোতল ভারতীয় উইন সেরেক্স সিরাপ, ১৩০ কেজি খেজুরের গুড় ও ৫টি প্লাস্টিকের ক্যারেট। অভিযানে নেতৃত্ব দেন হাবিলদার বিল্লাল হোসেন।
এ ঘটনায় চুয়াডাঙ্গার জীবননগর থানায় মামলা দায়েরপূর্বক জব্দকৃত আলামতসহ আটক আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন