স্পোর্টস ডেস্ক: নিরাপত্তা শঙ্কায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে দল না পাঠালেও, এবার শুটিং দলকে ভারত যাওয়ার অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। দিল্লিতে আয়োজিত এশিয়ান রাইফেল ও পিস্তল শুটিং চ্যাম্পিয়নশিপে অংশ নিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে গতকাল বুধবার (২৮ জানুয়ারি) সরকারি আদেশ (জিও) জারি করা হয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুক্তি হলো, এই প্রতিযোগিতা ইনডোর এবং সুরক্ষিত এলাকায় অনুষ্ঠিত হবে। ফলে বড় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। যুব ও ক্রীড়াসচিব মো. মাহবুব-উল-আলম বলেন, “দলটি খুবই ছোট, মাত্র একজন খেলোয়াড় ও একজন কোচ। আয়োজকরা নিরাপত্তার পূর্ণ নিশ্চয়তা দিয়েছে। সবকিছু বিবেচনা করে সরকার অনুমতি দিয়েছে।”
ভারতের নয়াদিল্লিতে (ড. কর্ণি সিং শুটিং রেঞ্জ) আগামী ২ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই শুটিং চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশের হয়ে প্রতিনিধি দেশের অন্যতম সেরা শুটার রবিউল ইসলাম (নৌবাহিনীর অ্যাথলেট) এবং কোচ শারমিন আক্তার। রবিউলের প্রতিযোগিতা ৫ ফেব্রুয়ারি। ৩১ জানুয়ারি দিল্লির উদ্দেশে রওনা হওয়ার কথা।
রবিউলের বিশেষ পাসপোর্ট থাকায় ভিসা ছাড়াই ৭ দিন থাকতে পারবেন ভারতে। তবে কোচ শারমিনকে ভিসা নিতে হবে।
২০২৪ প্যারিস অলিম্পিকের পর এটিই বাংলাদেশ শুটিং ফেডারেশনের প্রথম আন্তর্জাতিক অংশগ্রহণ। এই টুর্নামেন্টে এশিয়ার বিভিন্ন দেশের শীর্ষ শুটাররা অংশ নেবেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব