দিনাজপুর প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর জেলার ছয়টি সংসদীয় আসনে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে ৩৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত, আইনশৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের নিরাপদে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতেই এই মোতায়েন বলে জানিয়েছে বিজিবি কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে দিনাজপুরে বিজিবি মোতায়েন ও বেস ক্যাম্প স্থাপন বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান দিনাজপুর-৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মুহিত।
প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, বিজিবি একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে নির্বাচনকালীন সময়ে সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবে। সরকার ও নির্বাচন কমিশনের সব নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হবে। একই সঙ্গে সব প্রার্থী ও রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে বিজিবি সহায়ক ভূমিকা পালন করবে।
লে. কর্নেল আব্দুল্লাহ আল মুহিত আরও জানান, ভোটাররা যেন ভয়ভীতিমুক্ত পরিবেশে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে লক্ষ্যে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে বিজিবি। নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা বা নাশকতার চেষ্টা রোধে বাহিনী সর্বদা সতর্ক থাকবে।
নির্বাচনের পাশাপাশি সীমান্ত নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। তার ভাষ্য অনুযায়ী, নির্বাচনকে ঘিরে সীমান্ত এলাকায় চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার রোধে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে দিনাজপুর-৪২ বিজিবির আওতাধীন সীমান্ত এলাকায় ১০টি স্থায়ী ও অস্থায়ী চেকপোস্টে নিয়মিত তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে।
বিজিবি অধিনায়ক জানান, গত দুই মাসে বিজিবির অভিযানে প্রায় ১৭ লাখ ৫৭ হাজার টাকা মূল্যের চোরাচালানি পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। একই সময়ে এসব অপরাধে জড়িত ৫৬ জনকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, আগামী ১ ফেব্রুয়ারি থেকে বিজিবি পূর্ণমাত্রায় নির্বাচনী দায়িত্বে মোতায়েন থাকবে। এরই মধ্যে দিনাজপুর জেলার ছয়টি সংসদীয় আসনের মোট ৮৪৪টি ভোটকেন্দ্রের রেকি সম্পন্ন হয়েছে। নির্বাচনী দায়িত্ব পালনের সুবিধার্থে জেলার বিভিন্ন উপজেলায় ১৩টি বেস ক্যাম্প স্থাপন করা হচ্ছে। এর অংশ হিসেবে দিনাজপুর শহরের কেবিএম কলেজিয়েট হাই স্কুলে একটি বেস ক্যাম্প স্থাপনের কাজ চলমান রয়েছে।
বিজিবি কর্তৃপক্ষ আশা প্রকাশ করে জানায়, সব বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় দিনাজপুরে একটি শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ভোটাররা নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
রিপোর্টার্স২৪/বাবি