স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে টানা পাঁচ জয় দিয়ে ইতিমধ্যেই মূল পর্ব নিশ্চিত করেছে বাংলাদেশের নারী ক্রিকেট দল। শুক্রবার (৩০ জানুয়ারি) নেপালের কীর্তিপুরে স্কটল্যান্ডের বিপক্ষে শুরু হওয়া ম্যাচে দলের ব্যাটিং ঝড়ে স্কটিশদের বিপাকে ফেলে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল।
টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ শুরু থেকেই আগ্রাসী ভূমিকা পালন করে। ওপেনার দিলারা আক্তার মাত্র ২৮ বলে ৩৯ রান করে দলকে দৃঢ় সূচনা দেন। আর জোয়াইরিয়া ফেরদৌস ২২ রানে সহায়তা করেন।
তিন নম্বরে নামা শারমিন আক্তার ১০ বলে ১৫ রান করে রানআউট হলেও এরপর মাঠে আসে ম্যাচের মেজাজ বদলানো জুটি। নিগার সুলতানা ও সোবহানা মোস্তারি গড়েন ১০০ রানের দারুণ জুটি। নিগার ৩৫ বলে ৫৬ রানে অপরাজিত থেকে ৫টি চার ও ৩টি ছক্কা হাঁকান, আর সোবহানা ২৩ বলে ৪৭ রানে আউট হন।
শেষ পর্যন্ত ৫ উইকেটে ১৯১ রানের বিশাল সংগ্রহ গড়ে দল। নিগারের ঝড়ো ইনিংস এবং দলের সমন্বিত পারফরম্যান্স নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েদের বিশ্বকাপ মূলপর্বে খেলার রাস্তা।
এর আগে বাছাইপর্বে ধারাবাহিক পাঁচ জয়ের ফলে ইতোমধ্যেই প্রধান পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ নারী দল।
রিপোর্টার্স২৪/ঝুম