রিপোর্টার্স২৪ ডেস্ক: সৌদি আরবে থাকা বাংলাদেশি প্রবাসীদের জন্য সুখবর। এবার থেকে মাত্র ২০,৫০০ টাকায় দেশে ফেরার সুযোগ মিলছে। প্রবাসী কর্মীদের যাতায়াতকে সহজ ও সাশ্রয়ী করতে বিশেষ এই উদ্যোগ নিয়েছে সরকার।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, এই বিশেষ ব্যবস্থার আওতায় সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে মোট ৮০ হাজার টিকিট বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে প্রবাসীরা সুবিধা পাবেন এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও বড় ধরনের লাভ করতে পারবে।
তিনি বলেন, “বিশেষ করে হজ ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে আগে যে একমুখী ফাঁকা ফ্লাইটের চর্চা ছিল, এই উদ্যোগের মাধ্যমে তা কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব হবে। এতে বিমানের ইতিহাসে প্রথমবারের মতো ১০০ কোটি টাকারও বেশি আয় করার সম্ভাবনা তৈরি হয়েছে।”
ভাড়া ও কার্যকর সময়সূচি
একমুখী ভাড়া: মদিনা-ঢাকা ও জেদ্দা-ঢাকা রুটে সর্বনিম্ন ২০,৫০০ টাকা।
রিটার্ন টিকিট: মদিনা-ঢাকা-মদিনা ও জেদ্দা-ঢাকা-জেদ্দা রুটে সর্বনিম্ন ৪২,০০০ টাকা।
ভাড়া কার্যকর:
বাংলাদেশে আসার জন্য: ১৮ এপ্রিল ২০২৬ – ২৫ মে ২০২৬
বাংলাদেশ থেকে ফেরার জন্য: ৩০ মে ২০২৬ – ৩০ জুন ২০২৬
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এই উদ্যোগকে প্রবাসীবান্ধব নীতি বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ভবিষ্যতে এ ধরনের বাস্তবমুখী সিদ্ধান্ত প্রবাসীদের জীবনযাত্রা আরও সহজ করবে এবং জাতীয় অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখবে।
তবে অতীতের অভিজ্ঞতা স্মরণ করিয়ে তিনি সতর্কবার্তা দিয়েছেন। “প্রবাসীদের সুবিধায় অনেক ইতিবাচক উদ্যোগ নেওয়া হলেও সঠিক তদারকির অভাবে তা কখনো কার্যকর হয়নি। তাই এবার এই উদ্যোগ শতভাগ কার্যকর হতে হবে।”
প্রধান উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে ধন্যবাদ জানান, যিনি উদ্যোগটি বাস্তবায়নে দায়িত্বে ছিলেন।
এই উদ্যোগে প্রবাসী কর্মীরা শুধু সাশ্রয়ী খরচে দেশে ফিরবেন না, বরং দেশে ফিরে পরিবার ও অর্থনৈতিক দায়িত্ব পালনেও সুবিধা পাবেন। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের পদক্ষেপ প্রবাসী ও রাষ্ট্র উভয়ের জন্যই ইতিবাচক প্রভাব ফেলবে।
রিপোর্টার্স২৪/ঝুম