রিপোর্টার্স২৪ ডেস্ক: চীনা ফুটবল অ্যাসোসিয়েশন (সিএফএ) দুর্নীতি, ম্যাচ পাতানো, জুয়া ও ঘুষের দায়ে জাতীয় দলের সাবেক কোচ লি তিয়েসহ ৭৩ জনকে আজীবনের জন্য নিষিদ্ধ করেছে।
লি তিয়ে ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত চীনের জাতীয় দলের কোচ ছিলেন। ঘুষ গ্রহণের দায়ে তাকে ২০ বছরের কারাদণ্ডও দেওয়া হয়েছে।
কেবল ব্যক্তিগত দায়ের বিষয় নয়। চীনের ক্লাব ফুটবলও দুর্নীতির ছায়া থেকে মুক্ত নয়। দেশটির শীর্ষ লিগ চায়নিজ সুপার লিগের ১৩ ক্লাব শাস্তির মুখে পড়েছে। এর মধ্যে ১১টি দলের পয়েন্ট কাটা হয়েছে এবং কিছু দল আগামী মৌসুম শুরু করবে মাইনাস পয়েন্ট নিয়ে।
চীনা ফুটবল অ্যাসোসিয়েশন (সিএফএ) জানিয়েছে, ফুটবলে দুর্নীতির বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। তারা ‘জিরো টলারেন্স’ নীতির অধীনে এ অভিযান চালিয়ে যাবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে চীনা ফুটবল অ্যাসোসিয়েশন (সিএফএ) জানায়, ‘পদ্ধতিগত পর্যালোচনা’র ভিত্তিতে এসব শাস্তি প্রদান করা হয়েছে। শৃঙ্খলা বজায় রাখা, ফুটবলের পরিবেশ পরিশুদ্ধ করা এবং ন্যায্য প্রতিযোগিতা নিশ্চিত করা এ শাস্তির মূল উদ্দেশ্য।
রিপোর্টার্স২৪/আয়েশা