শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলা শহরের একটি ভাড়া বাসা থেকে শাহিনুল ইসলাম (৪০) নামের এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি শেরপুর সদর থানায় সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন। তার বিপি নম্বর ৮৫০৫১০৪০০৪।
বুধবার (২৯ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে শহরের গৃদ্দানারায়নপুর এলাকার ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শাহিনুল ইসলাম জামালপুর সদর উপজেলার টেবিরচর গ্রামের মৃত শামসুল হকের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকালে ডিউটি শেষ করে সকাল ৮টার দিকে বাসায় ফেরেন শাহিনুল ইসলাম। বেলা ১১টার দিকে তাকে বাসায় রেখে স্ত্রী মাকসুদা সন্তানসহ বাবার বাড়ি জামালপুর জেলার নান্দিনায় যান। পরে দুপুর ২টার দিকে স্ত্রী একাধিকবার ফোন করলেও শাহিনুল ফোন রিসিভ না করায় উদ্বিগ্ন হয়ে পড়েন।
রাত সাড়ে ১০টার দিকে স্ত্রী ও তার ভাই জামালপুর থেকে শেরপুরে ফিরে এসে বাসার দরজা খুলতে ডাকাডাকি করেন। ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে তারা পিছনের জানালা দিয়ে উঁকি দিয়ে শাহিনুল ইসলামকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শেরপুর সদর থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
পরিবারের দাবি, শাহিনুল ইসলাম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, চরম মানসিক অবসাদ থেকেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
এ বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
রিপোর্টার্স২৪/বাবি