জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে শ্বশুরবাড়িতে এসে স্ত্রীকে ছুরিকাঘাত করায় স্বামী রবিউল ইসলামকে আটক করেছে স্থানীয়রা। উপজেলার সিধুলী ইউনিয়নের চরলোটাবর এলাকায় শুক্রবার জুমার নামাজের সময় এ ঘটনা ঘটে।
আটক রবিউল ইসলাম (২৬) জামালপুর শহরের পশ্চিম ফুলবাড়িয়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিউল ইসলাম নেশাগ্রস্ত অবস্থায় স্ত্রী সানজিদাকে বাবার বাড়ি থেকে নিতে আসেন। এ সময় সানজিদা স্বামীর সঙ্গে যেতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে রবিউল ফল কাটার একটি ছুরি দিয়ে তার গলার পেছনে আঘাত করেন। সানজিদার ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে রবিউলকে আটক করে পুলিশে সোপর্দ করে।
আহত সানজিদাকে চিকিৎসার জন্য সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
রিপোর্টার্স২৪/এসএন