স্টাফ রিপোর্টার: রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে তিন বছর বয়সী এক শিশুকে অপহরণের মামলায় অভিযুক্ত জাকির হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
শুক্রবার (৩০ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তার জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন। আদালতে আসামিপক্ষের আইনজীবী মো. মাহবুবুর রহমান খান জামিনের আবেদন করলেও রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে মুগদা থানার একটি দল মান্ডার মাহিম এলাকার একটি গ্যারেজ থেকে জাকির হোসেনকে গ্রেপ্তার করে। পরে মামলার তদন্ত কর্মকর্তা মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল আলম তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন।
আদালতে দেওয়া আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, প্রাথমিক অনুসন্ধানে জাকির হোসেনের বিরুদ্ধে শিশু অপহরণের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। পাশাপাশি ঢাকার বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও অপহরণসহ নানা অপরাধে তার সম্পৃক্ততার প্রাথমিক আলামত রয়েছে। তিনি জামিনে মুক্তি পেলে পলাতক হওয়ার আশঙ্কা থাকায় সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে কারাগারে রাখা প্রয়োজন।
এর আগে অপহৃত শিশুটির মা সুমাইয়া আক্তার (৩৫) অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মুগদা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, সুমাইয়া আক্তার চিকিৎসার জন্য বুধবার (২৮ জানুয়ারি) মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে যান। চিকিৎসা শেষে একটি অটোরিকশায় করে মৌচাক মার্কেটের উদ্দেশে রওনা দেন তিনি। পথিমধ্যে শিশুটি পানি খেতে চাইলে অটোরিকশায় তাকে রেখে পানি কিনতে যান সুমাইয়া আক্তার। ফিরে এসে তিনি শিশুটিকে আর খুঁজে পাননি।
পুলিশ জানায়, ওই দিন দুপুর ১টার দিকে হাসপাতালের গেটের সামনে থেকে অটোরিকশাচালক শিশুটিকে নিয়ে পালিয়ে যায়। পরে অভিযান চালিয়ে গাইবান্ধা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। বর্তমানে শিশুটি নিরাপদে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রিপোর্টার্স২৪/বাবি