রিপোর্টার্স২৪ ডেস্ক: দীর্ঘ প্রায় ২০ বছর পর সিরাজগঞ্জ জেলায় পদ রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার (৩১ জানুয়ারি) দুপুর ২টায় রংপুর থেকে ঢাকায় ফেরার পথে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকায় বিসিক শিল্প পার্কে অনুষ্ঠিতব্য নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
এই জনসভা থেকেই সিরাজগঞ্জ ও পাবনা জেলার সব সংসদীয় আসনে বিএনপির প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে। ফলে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে এ কর্মসূচিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে দলটি।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে ইতোমধ্যে জেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। জনসভাস্থল ঘিরে সাজসজ্জা, মাইকিং ও নিরাপত্তা ব্যবস্থাসহ নানা প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের সম্ভাব্য প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুসহ দলীয় নেতারা এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা জনসভাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে।
সিরাজগঞ্জের ছয়টি সংসদীয় আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জানান, দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতার আগমন ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। তিনি বলেন, জনসভা সফল করতে দলীয়ভাবে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।
উল্লেখ্য, সর্বশেষ ২০০৬ সালের ২৪ ডিসেম্বর সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল ধোপাকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় অংশ নিয়েছিলেন তারেক রহমান। এরপর দীর্ঘ সময় পেরিয়ে আবারও তার এই সফরকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে বাড়তি আলোচনার সৃষ্টি হয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম