ইন্টারন্যাশনাল ডেস্ক: ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে প্রায় ৭০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে স্বীকার করেছে ইসরায়েল। দেশটির জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে কয়েকটি সংবাদমাধ্যম এই তথ্য প্রকাশ করেছে।
এর আগে ইসরায়েল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত নিহতের সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল। তারা যুক্তি দিয়েছিল, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় হামাসের নিয়ন্ত্রণে থাকার কারণে প্রদত্ত তথ্য বিশ্বাসযোগ্য নয়। কিন্তু জাতিসংঘ দীর্ঘদিন ধরেই সেই তথ্যকে নির্ভরযোগ্য হিসেবে মান্য করে আসছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতদের নাম, বয়স ও অন্যান্য তথ্য প্রকাশ করে। সর্বশেষ হিসাব অনুযায়ী, মোট মৃতের সংখ্যা ৭১ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে অক্টোবরের যুদ্ধবিরতির পরই ইসরায়েলি হামলায় ৪৮০ জনের বেশি মারা গেছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আরও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে এবং নিহতদের মধ্যে অধিকাংশ নারী ও শিশু।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক ব্রিফিংয়ে ইসরায়েলের ওয়াইনেট নিউজসহ দেশের শীর্ষ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সামরিক বাহিনীও প্রাথমিকভাবে প্রায় একই হিসাব গ্রহণ করেছে। ওয়াইনেটকে এক সামরিক কর্মকর্তা বলেন, “আমাদের হিসাব অনুযায়ী গাজায় প্রায় ৭০ হাজার নিহত হয়েছেন। এতে নিখোঁজ ব্যক্তিরা অন্তর্ভুক্ত নয়। কারা সরাসরি সন্ত্রাসী বা যুদ্ধবীর ছিলেন তা যাচাই করা হচ্ছে।”
ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, নিহত সংখ্যা ও অন্যান্য সংক্রান্ত তথ্য প্রকাশের ক্ষেত্রে তারা নির্ধারিত সরকারি প্রক্রিয়া অনুসরণ করবে।
সূত্র: রয়টার্স
রিপোর্টার্স২৪/ঝুম