রিপোর্টার্স২৪ ডেস্ক: জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে মুসলিম বিশ্বের তরুণদের ‘আইডল’ উল্লেখ করে তাকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম।
শনিবার (৩১ জানুয়ারি) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার এইচজে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
সাদিক কায়েম বলেন, চৌদ্দগ্রামের সন্তান ডা. আব্দুল্লাহ তাহের শুধু জুলাই আন্দোলনে নেতৃত্ব দেননি, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনেও অংশ নিয়েছেন। তিনি মুসলিম বিশ্বের তরুণদের আইডল। আপনারা তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
তিনি আরও বলেন, গত ১৬ বছরের দীর্ঘ লড়াইয়ে যারা রাজপথে ছিল এবং জনগণের পাশে ছিল, তাদেরকেই বেছে নেওয়া উচিত। তার দাবি, আন্দোলন-পরবর্তী সময়ে জামায়াতে ইসলামী ‘জুলাই’কে সবচেয়ে বেশি ধারণ করেছে এবং দলটির আমির শহীদ পরিবারের দ্বারে দ্বারে গিয়ে পাশে থাকার অঙ্গীকার করেছেন।
সাদিক কায়েম প্রশ্ন তুলে বলেন, গত ৫৪ বছরে বহু সরকার এসেছে-গেছে, সবাই প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু কতজন তা রক্ষা করেছে?
তিনি বলেন, আগামী নির্বাচনে তরুণরা তাদের ভোট দেবে তাদেরই, যারা জুলাই আন্দোলন ও রাষ্ট্র সংস্কারের পক্ষে এবং চাঁদাবাজি, সন্ত্রাস ও মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে।
নির্বাচনী সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ইসলামী ছাত্রশিবিরের সদ্য বিদায়ী সভাপতি জাহিদুল ইসলামসহ অন্যান্য নেতারা।
রিপোর্টার্স২৪/আয়েশা