রিপোর্টার্স২৪ ডেস্ক: মাসব্যাপী আয়োজিত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা আজ (শনিবার, ৩১ জানুয়ারি) শেষ হচ্ছে। ছুটির দিন হওয়ায় শেষদিনেও ভালো বেচাকেনার প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা। এ বছর রাষ্ট্রীয় শোকের কারণে মেলায় তিন দিন সময় কম পাওয়া যায়। মেলার শুরুতে বৈরী আবহাওয়া এবং নির্বাচনের প্রভাবের কারণে ব্যবসা কিছুটা মন্দা হয়েছিল বলে ব্যবসায়ীরা অভিযোগ করেন।
তবে রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় এ বছর ক্রেতা ও দর্শনার্থীর সংখ্যা অন্তত ১৫ শতাংশ বেড়েছে। ভ্যাট আদায়ও গত বছরের তুলনায় ৮ শতাংশ বেশি হয়েছে। কর্মদিনগুলোতে লোক সমাগম কম থাকলেও ছুটির দিনগুলোতে মেলায় মানুষের উপচে পরা ভিড় লক্ষ্য করা গেছে।
শেষদিনে প্রতিটি স্টল ও প্যাভিলিয়নে ১০ শতাংশ থেকে শুরু করে ৭০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দেওয়া হচ্ছে। এছাড়া পণ্য কিনলে বিভিন্ন স্টল থেকে বিশেষ পুরস্কার ও গিফট ভাউচার পাওয়া যাচ্ছে।
উল্লেখ্য, আন্তর্জাতিক বাণিজ্যমেলা ৩০তম আসরের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছিল ৩ জানুয়ারি, শনিবার সকাল সাড়ে ১০টায় পূর্বাচলের ৪নং সেক্টরে বিবিসিএফইসি ভবনে।
রিপোর্টার্স২৪/আয়েশা