সিরাজগঞ্জ প্রতিনিধি: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শনিবার (৩১ জানুয়ারি) বিকাল ৩টায় সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্কে নির্বাচনি জনসভার মঞ্চে উপস্থিত হন। নেতা-কর্মী ও সমর্থকরা করতালি দিয়ে তাকে স্বাগত জানান।
তারেক রহমান স্ত্রী জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে মঞ্চে উঠেন এবং হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন। বগুড়া থেকে সড়কপথে আসা তিনি, সিরাজগঞ্জ ও পাবনার বিভিন্ন উপজেলা থেকে আগত হাজার হাজার নেতা-কর্মীর উপস্থিতিতে সমাবেশে বক্তব্য রাখেন।
বেলা ২টায় কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে সমাবেশের কার্যক্রম শুরু হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ।
সমাবেশে সিরাজগঞ্জ ও পাবনার বিএনপি মনোনীত প্রার্থীরা উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জের প্রার্থীরা হলেন—সেলিম রেজা (সিরাজগঞ্জ-১), ইকবাল হাসান মাহমুদ (সিরাজগঞ্জ-২), আয়নুল হক (সিরাজগঞ্জ-৩), এম আকবর আলী (সিরাজগঞ্জ-৪), আমিরুল ইসলাম খান (সিরাজগঞ্জ-৫), এম এ মুহিত (সিরাজগঞ্জ-৬)। পাবনার প্রার্থীরা হলেন—শামসুর রহমান (পাবনা-১), এ কে এম সেলিম রেজা হাবিব (পাবনা-২), হাসান জাফির তুহিন (পাবনা-৩), হাবিবুর রহমান হাবিব (পাবনা-৪) ও শামছুর রহমান শিমুল বিশ্বাস (পাবনা-৫)।
এর আগে ২০০৬ সালের ২৪ ডিসেম্বর সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল ধোপাকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে বক্তব্য রাখেছিলেন তিনি।
উত্তরাঞ্চল সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার রাজশাহী, নওগাঁ ও বগুড়ায় সমাবেশ করেন বিএনপি চেয়ারম্যান। শনিবার সিরাজগঞ্জ জনসভা শেষে তিনি ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের চরজানা বাইপাসে আরও একটি নির্বাচনি সমাবেশে অংশগ্রহণ করবেন।
রিপোর্টার্স২৪/আয়েশা