সিনিয়র রিপোর্টার: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, হ্যাক হওয়া একটি পোস্টের কারণে কোনো মা-বোন কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে শেরপুর শহরের শহীদ দারোগ আলী পৌরপার্ক মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনি জনসভায় এ কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, তাঁর ভেরিফায়েড ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক করে সেখান থেকে মায়েদের নিয়ে নোংরা ও আপত্তিকর মন্তব্য ছড়ানো হয়। তিনি দাবি করেন, এ ঘটনার পর একটি মহল বিষয়টিকে রাজনৈতিকভাবে কাজে লাগিয়ে মিছিল শুরু করেছে। যারা নিজেরাই মায়েদের সম্মান করতে জানে না, তারাই এসব নিয়ে হৈচৈ করছে,বলেন তিনি।
নারীদের প্রতি অবমাননাকর আচরণের কঠোর সমালোচনা করে জামায়াত আমির বলেন, সমাজের বিভিন্ন স্তরে নারীরা অসম্মানের শিকার হচ্ছেন, যা অত্যন্ত দুঃখজনক। তিনি বলেন, যারা নারীদের অসম্মান করে, তারা মানবিকতার পর্যায়েই পড়ে না। নিজের মা, স্ত্রী ও বোনকে সম্মান করতে জানলে পুরো সমাজের নারীদেরও সম্মান করা সম্ভব।
তিনি আরও বলেন, সমাজে নৈতিক অবক্ষয় বাড়ছে এবং নারীদের মর্যাদা রক্ষায় সবাইকে সচেতন হতে হবে। নারীদের শিক্ষা ও মর্যাদা নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, জামায়াতের নেতৃত্বে উল্লেখযোগ্য সংখ্যক নারী রয়েছেন এবং দলের অবস্থান নারীবান্ধব।
জনসভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর শেরপুর জেলা আমির মাওলানা হাফিজুর রহমান। এতে আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সামিউল ফারুক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য রিয়াদ হোসাইন, ঢাকসুর সাবেক জিএস এস এম ফরহাদ, ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ সম্পাদক ইউসুফ ইসলাহীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
রিপোর্টার্স২৪/এসসি