স্টাফ রিপোর্টার : বাংলাদেশে এসে গেছেন প্রবাসী ফুটবলার শমিত সোম। বুধবার (৪ মে) ভোরে তাকে বহনকারী বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে শমিতকে বরণে গিয়েছিলেন বাফুফের তিনজন সদস্য-মঞ্জুরুল করিম, ইকবাল হোসেন ও শাখাওয়াত হোসেন।
বিমানবন্দরেই শমিত বলেন, সতীর্থদের সঙ্গে দেখা করার তর সইছে না তার। ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচেও তিনি ভালো করার প্রত্যাশা জানালেন।
কানাডা জাতীয় ফুটবল দলের হয়ে খেলা এই মিডফিল্ডার বলেন, আমি দারুণ রোমাঞ্চিত। সতীর্থদের সঙ্গে সাক্ষাৎ করতে উন্মুখ হয়ে আছি। আমরা কীভাবে খেলতে চাই, কোন ভূমিকায় খেলব এসব নিয়ে কোচের সঙ্গে কথা হয়েছে। এই মুহূর্তে আমি দলের সবার সঙ্গে দেখা করতে, টিমের সঙ্গে থাকতে মুখিয়ে আছি। আমি জানি আমাদের দলটা ভালো, আশা করি ভালো কিছুই হবে।
বাংলাদেশের হয়ে খেলতে গত ৬ মে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির অনুমোদন পেয়েছিলেন। এরপর থেকেই তিনি অভিষেকের অপেক্ষায়। সেই অপেক্ষার ইতি ঘটতে পারে আজই। তবে ভ্রমণক্লান্তির জন্য আজ ভুটান ম্যাচে তার বিশ্রামে থাকার সম্ভাবনা আছে। এশিয়ান কাপ বাছাইয়ে আগামী ১০ জুন সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচেই হয়তো শমিতকে দেখা যেতে পারে লাল-সবুজ জার্সিতে। কিংবা আজই হয়ে যেতে পারে অভিষেক।
হাভিয়ের ক্যাবরেরার দলে প্রবাসী ফুটবলারের সংখ্যা ৬ জন। তারা হলেন- হামজা চৌধুরি (ইংল্যান্ড), জামাল ভূঁইয়া (ডেনমার্ক), কাজেম শাহ (কানাডা), ফাহমিদুল ইসলাম (ইতালি), তারিক কাজী (ফিনল্যান্ড) ও শমিত সোম (কানাডা)। এর মধ্যে জামাল-তারিক ও কাজেম আগেই এসেছেন। হামজার অভিষেক হয়েছে গত মাসে ভারত ম্যাচ দিয়ে। এবার এলেন ফাহমিদুল ও শমিত।
রিপোর্টার্স২৪/আরএইচ