সিনিয়র রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জনগণের সম্পদে কখনো হাত দেওয়া হবে না বলে দৃঢ় অঙ্গীকার করেছেন। তিনি বলেন, দুর্নীতি জামায়াতের চরিত্র ও নৈতিকতার সঙ্গে বিরোধপূর্ণ।
রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর উত্তর কাফরুলের ৪ নম্বর ওয়ার্ডে পূর্ব বাইশটেকি কবরস্থানের মসজিদের সামনে ঢাকা-১৫ সংসদীয় আসনে আয়োজিত গণসংযোগ ও মিছিলপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, জনগণের যে আমানত লুণ্ঠিত হয়েছে, তা তাদের কাছে ফিরিয়ে দেওয়াই আমাদের দায়িত্ব। আমরা জনগণের সম্পদ রক্ষায় সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, আমাদের কথাবার্তায় যদি কোনো মা-বোন কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর ওয়াস্তে আমাদের ক্ষমা করবেন। আমরা যেন নিষ্ঠার সঙ্গে জনগণের জন্য কাজ করতে পারি।
এছাড়া তিনি জানান, জামায়াতে ইসলামী কোনো ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থ হাসিলের জন্য কাজ করে না।
সমাবেশে জামায়াতে ইসলামের নির্বাহী সদস্য মোবারক হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মোহাম্মদ তসলিম, কাফরুল দক্ষিণ থানা জামায়াতের আমির উপাধ্যক্ষ আনোয়ারুল করিম, থানা সেক্রেটারি মো. আবু নাহিদসহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।
সমাবেশের শেষে শান্তিপূর্ণভাবে একটি মিছিল অনুষ্ঠিত হয়, যা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অংশগ্রহণকারীরা ন্যায়ভিত্তিক সমাজ ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।
রিপোর্টার্স২৪/এসসি