চট্টগ্রাম প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিংবা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল নেই, বরং এটি এখন ভাড়াটে, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) ড. অলি আহমদ বীর বিক্রম।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া এলাকায় ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।অলি আহমদ বলেন, একটি ব্রিজ পড়ে থাকলেও সেখান থেকেও তারা চাঁদা তোলে। বেগম খালেদা জিয়া অসুস্থ হওয়ার পর দলটি আবারও চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছে। চাঁদাবাজদের সঙ্গে থেকে আমি জাহান্নামে যেতে রাজি নই।
নিজের রাজনৈতিক ভূমিকার কথা উল্লেখ করে এলডিপি চেয়ারম্যান বলেন, বিএনপির দুজন সংগঠকের একজন আমি, অন্যজন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমি তখন ক্যাপ্টেন অলি হিসেবে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ করি। আমরা যুদ্ধ করেছিলাম এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য।
তিনি আরও বলেন, আসন্ন সময়ে জাতি যদি সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়, তবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব মারাত্মক হুমকির মুখে পড়বে।
বিএনপির ওপর ভারতের প্রভাব রয়েছে এমন ইঙ্গিত দিয়ে অলি আহমদ বলেন, এখন একটি রাজনৈতিক দল বিদেশিদের দালালি করছে এবং তাদের ইচ্ছেমতো কাজ করছে। তাদের নির্দেশের বাইরে যাওয়ার ক্ষমতা নেই।
উদাহরণ টেনে তিনি বলেন, আমি বলেছিলাম, সাবেক রাষ্ট্রপতি এরশাদকে এক সময় একটি চেইন লাগানো হয়েছিল। তার ভাই জিএম কাদেরকে দুইটি চেইন লাগিয়েছিল ভারত। আর এখন যারা আমাদের বিরুদ্ধে নির্বাচন করছে, তাদের তিনটি চেইন লাগিয়েছে ভারত। ফলে তারা ভারতের কিংবা র-এর বাইরে যেতে পারবে না।
এলডিপি চেয়ারম্যান বলেন, আমরা চাই না, বাংলাদেশ ভারত দ্বারা শাসিত হোক। এ দেশের মানুষকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের মালিক হিসেবেই থাকতে হবে।
রিপোর্টার্স২৪/এসসি