স্টাফ রিপোর্টার: ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন, জামায়াত ও এনসিপি ক্ষমতায় বসে নির্বাচন করছে। তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে জামায়াত ও তাদের সহযোগীরা এ কথা সরকার প্রধান নিজেই স্বীকার করেছেন। সুতরাং এখন ক্ষমতায় বসেই নির্বাচন পরিচালনা করছে জামায়াত ও এনসিপি।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মোতালেব প্লাজায় এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
মির্জা আব্বাস বলেন, একটি দল ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের স্বাধীনতা এখনো মেনে নিতে পারেনি। পুরোনো শকুনরা তখন যেমন বাংলাদেশকে মেনে নেয়নি, এখনও তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব মেনে নিতে পারেনি। তারা সকাল-বিকাল বিএনপিকে নিয়ে অকথ্য ভাষায় গালাগালি করছে।
তিনি অভিযোগ করেন, একটি চক্র পরিকল্পিতভাবে ভোটগ্রহণ ব্যাহত করার চেষ্টা করছে। এই চক্র নতুন নয়, মন্তব্য করে তিনি কর্মী-সমর্থকদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানান।
নির্বাচনে প্রশাসনিক হস্তক্ষেপের আশঙ্কা প্রকাশ করে বিএনপির এই নেতা বলেন, প্রশাসনের ভেতরে থাকা জামায়াতের লোকেরা জনগণের ভোটের ফলাফল ঘুরিয়ে দিতে পারে। আমি মারাত্মকভাবে ভোট কারচুপির শঙ্কা দেখছি।
তিনি আরও অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়ার লোভে বিদেশিদের সঙ্গে চুক্তি করেছে। একটি বিশেষ দলকে ক্ষমতায় নেওয়ার চেষ্টা চলছে। আর সেটা সম্ভব না হলে তারা নির্বাচন বানচাল করার পথে হাঁটবে, বলেন মির্জা আব্বাস।
বিএনপির অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, বিএনপি একটি জাতীয়তাবাদী দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বাধীনতার ঘোষক এই সত্য তারা মানতে পারে না। কিন্তু ইতিহাস মুছে ফেলা যাবে না।
ভোটের ফলাফল নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, এ দেশের মানুষের সঙ্গে প্রতারণা করবেন না। মিথ্যা আর ষড়যন্ত্র করে কোনো লাভ নেই। আমরা তা মেনে নেবো না। ভোটের ফলাফল নিয়েই আমরা ঘরে ফিরবো।
বিরোধীপক্ষের উদ্দেশে তিনি আরও বলেন, ওরা চায় আমি কোথাও একটা গণ্ডগোল করি। কিন্তু নির্বাচনের আগে আমি কোনো গণ্ডগোল করবো না। প্রয়োজনে নির্বাচনের পরে কথা হবে।
রিপোর্টার্স২৪/এসসি