স্টাফ রিপোর্টার: জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে দলটির সাবেক নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য প্রয়াত দেলোয়ার হোসেন সাঈদীর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান।
শুক্রবার(৬ ফেব্রুয়ারি) বিকেলে পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, সাঈদী হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে একটি ভোট ও একটি আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, জামায়াত ক্ষমতায় এলে জুলাই আন্দোলনে নিহত হাদি, আবরার, ফাহাদ ও মুগ্ধসহ সকল নিহতের হত্যাকাণ্ডের বিচারও নিশ্চিত করা হবে। এ লক্ষ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ইসলামী জোটের মনোনীত প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান তিনি।
নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমীর বলেন, অতীতে দেশে ভোটের সংস্কৃতি ছিল প্রশ্নবিদ্ধ। একজনের ভোট অন্যজনের নামে দেওয়ার যে চর্চা ছিল, তা আর চলবে না। আগামী নির্বাচনে প্রত্যেকে নিজ নিজ ভোট নিজেই দেবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তবে কেউ ভোট চুরি বা ভোটে কারচুপির চেষ্টা করলে জামায়াত তা মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি ভোটের নিরাপত্তা নিশ্চিত করতে আগেভাগেই ভোট পাহারা দেওয়ার আহ্বান জানান।
সরকারের সমালোচনা করে ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে প্রায় ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এই অর্থ ফিরিয়ে এনে দেশে সুষম উন্নয়ন নিশ্চিত করতেই জামায়াতকে ভোট দেওয়া প্রয়োজন বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, বিগত নির্বাচনগুলোতে সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ হয়নি। আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের মাধ্যমে দেশের সকল শ্রেণি-পেশার মানুষের স্বপ্ন বাস্তবায়ন এবং যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জামায়াত আমীর বলেন, আগামী নির্বাচন হবে ন্যায় ও ইনসাফের পক্ষে। এই ন্যায়বিচারে সাধারণ মানুষ থেকে শুরু করে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পর্যন্ত সবাই সমানভাবে বিবেচিত হবেন।
জনসভায় জামায়াতের পিরোজপুর জেলা আমীর তাফাজ্জল হোসাইন ফরিদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী, পিরোজপুর-২ আসনের প্রার্থী শামীম সাঈদী, পিরোজপুর-৩ আসনের এনসিপি মনোনীত প্রার্থী শামীম হামিদীসহ দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
রিপোর্টার্স২৪/এসসি