স্টাফ রিপোর্টার: ২০২৬ সালের (১৪৪৭ হিজরি) হজ মৌসুমের জন্য সৌদি আরব আগামীকাল ৮ ফেব্রুয়ারি থেকে হজ ভিসা ইস্যু শুরু করবে। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, হজযাত্রীদের নিরাপদ ও মানসম্মত সেবা নিশ্চিত করতে আগেই প্রস্তুতি শুরু হয়েছে। ২০২৫ সালের জুন থেকে প্রাথমিক পরিকল্পনা কার্যকর করা হয়েছে এবং আবাসন, পরিবহনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ চুক্তি শেষ করা হয়েছে।
২০২৬ সালের হজের জন্য ইতমধ্যেই প্রায় সাড়ে ৭ লাখ হজযাত্রী নিবন্ধন করেছেন, যার মধ্যে ৩০ হাজার জন সরাসরি নিজ দেশ থেকে প্যাকেজ বুক করেছেন। পবিত্র স্থানগুলোতে বিদেশি হজযাত্রীদের জন্য ৪৮৫টি তাঁবু বরাদ্দ করা হয়েছে।
হজের চূড়ান্ত কার্যক্রম শুরু হবে ১৮ এপ্রিল (১ জিলকদ) থেকে, যখন প্রথম হজযাত্রী দল সৌদি আরবে পৌঁছাবে। মন্ত্রণালয় হজ কার্যালয় ও সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত সূচি পুরোপুরি মেনে চলার জন্য আহ্বান জানিয়েছে।
সৌদি কর্তৃপক্ষ আশা করছে, এই প্রস্তুতি হজযাত্রীদের নিরাপদ ও সম্মানজনক হজ পালনের সুযোগ নিশ্চিত করবে।
রিপোর্টার্স২৪/এসসি